Monday, May 27, 2019

আবুল আস ইবন রাবী (রাঃ)

আবুল আসের প্রকৃত নামের ব্যাপারে ইতিহাসে বিস্তর মতভেদ দেখা যায়। যেমনঃ লাকীত, হাশীম, মিহশাম, ইয়াসির, ইয়াসিম ইত্যাদি। তবে তাঁর কুনিয়াত বা ডাকনাম আবুল ‘আস’। এ নামেই তিনি ইতিহাসে খ্যাত। তার পিতা ‘রাবী’ ইবনে আবদিল উযযা, মাতা হযরত খাদীজার (রাঃ) সহোদরা হালা বিনতু খুওয়াইলিদ। তিনি কুরাইশ গোত্রের ‘আবদু শামস’ শাখার সন্তান হওয়ার কারণে তাকে সংক্ষেপে ‘আবশামী’ বলা হয়। খালা হযরত খাদীজা (রাঃ) ও খালু রাসূলুল্লাহর (সাঃ) বাড়ীতে আবুল আসের অবাধ যাতায়াত ছিল। তিনি ছিলেন ‍খালা-খালুর অতি স্নেহের পাত্র।

আবুল আস ধীরে ধীরে যৌবনে পদার্পণ করেন। তার আকর্ষণীয় চেহারা সকলের মন কেড়ে নেয়। বংশ গৌরব এবং আরবীয় বীরত্ব, প্রখর আত্মমর্যাদাবোধ ইত্যাদি গুণের জন্য তৎকালীন মক্কার যুবকদের মধ্যে তিনি এক বিশেষ স্থানের অধিকারী। তদুপরি কুরাইশদের যে বিশেষ গুণের কথা কুরআনে ঘোষিত হয়েছে- রিহলাতাশ শিতায়ি ওয়াস সাইফ- শীতকালে ইয়েমেনের দিকে এবং গ্রীস্মকালে শামের দিকে ‍তাদের বাণিজ্য কাফিলা চলাচল করে- আবুল আসের মধ্যেও এ গুণটির পুরোপুরি বিকাশ ঘটে। মক্কা ও শামের মধ্যে সব সময় তার বাণিজ্য কাফিলা যাতায়াত করে। সেই কাফিলায় থাকে কমপক্ষে একশো উটসহ দুশো লোক। তাঁর ব্যবসায়িক বুদ্ধি, সততা, ও আমানতদারীর জন্য মানুষ তাঁর কাছে নিজেদের পন্যসম্ভার নিশ্চিন্তে সমর্পণ করে। ইবন ইসহাক বলেন, ‘অর্থ সম্পদ, আমানতদারী ও ব্যবসায়ী হিসেবে তিনি তখন মক্কার গণ্যমান্য মুষ্টিমেয় লোকদের অন্যতম।’ [আল ইসাবা-৪/১২২]।

সময় আপন গতিতে বয়ে চললো। এদিকে মুহাম্মাদের (সাঃ) বড় মেয়ে যয়নাব বেড়ে ওঠেন। মক্কার সম্ভ্রান্ত যুবকরা তাঁকে জীবন সঙ্গীনী হিসেবে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। আর ব্যাকুল হবেই বা না কেন? যয়নাব হলেন, মক্কার কুরাইশ গোত্রের সর্বোত্তম শাখার কন্যা। পিতা মাতার দিক দিয়ে যেমন সর্বাধিক সম্মানিত, তেমনি চরিত্র ও আদব আখলাকের দিক দিয়েও সবচেয়ে বেশি পুতঃপবিত্র। এমন পাত্রীর আশা করলেই কি সবার ভাগ্যে জোটে? অবশেষে মক্কার যুবক তারই খালাত ভাই আবুল আস ইবন রাবী এ গৌরব লাভে ধন্য হন।

আবুল আসের সাথে যয়নাবের (রাঃ) বিয়ের কয়েক বছরের মধ্যে মুহাম্মাদ (সাঃ) নবুওয়াত লাভ করেন। সত্য দ্বীন ও হিদায়াত সহকারে তিনি প্রেরিত হন। নিজের নিকট আত্মীয়দের নিকট দ্বীনের দাওয়াত পৌঁছানোর নির্দেশ লাভ করেন। হযরত খাদীজা (রাঃ) ও তার কন্যারা যথাঃ যয়নাব, রুকাইয়া, উম্মু কুলসুম ও ফাতিমা (রাঃ) রাসূলুল্লাহর (সাঃ) ওপর ঈমান আনেন। অবশ্য ফাতেমা তখন খুব ছোট।

রাসূলুল্লাহর (সাঃ) জামাই আবুল আস স্ত্রী যয়নাবকে অত্যন্ত ভালোবাসতেন এবং সম্মানও করতেন। কিন্তু তিনি পূর্ব পুরুষের ধর্মত্যাগ করে প্রিয়তমা স্ত্রীর নতুন দ্বীন কবুল করতে রাজী হলেন না। এ অবস্থা চলতে লাগলো। এদিকে রাসূলুল্লাহ (সাঃ) ও কুরাইশদের মধ্যে মারাত্মক দ্বন্দ্ব শুরু হয়ে গেল। কুরাইশরা নিজেদের মধ্যে বলাবলি করলো,
“তোমাদের সর্বনাশ হোক! তোমরা মুহাম্মাদের মেয়েদের বিয়ে করে তার দুশ্চিন্তা নিজেদের ঘাড়ে তুলে নিচ্ছ। তোমরা যদি এ সকল মেয়েকে তার কাছে ফেরত পাঠাতে তাহলে সে তোমাদের ছেড়ে তাদের নিয়েই ব্যস্ত থাকতো।” তাদের অনেকে এ কথা সমর্থন করে বললো, “এ তো অতি চমৎকার যুক্তি!” তারা সবাই আবুল আসের কাছে যেয়ে বললো, “আবুল আস, তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দিয়ে তার পিতার কাছে পাঠিয়ে দাও। তার পরিবর্তে তুমি যে কুরাইশ সুন্দরীকে চাও, আমরা তাকে তোমার সাথে বিয়ে দেব।” আবুল আস বললেন, “আল্লাহর কসম! না, তা হয় না। আমার স্ত্রীকে আমি ত্যাগ করতে পারিনে। তার পরিবর্তে সকল নারী আমাকে দিলেও আমার তা পছন্দনীয় নয়।”

রাসূলুল্লাহর (সাঃ) অন্য দুই মেয়ে রুকাইয়া ও উম্মু কুলসুমকে তাদের স্বামীগৃহ থেকে বিদায় দিয়ে পিতার কাছে পাঠিয়ে দিল। কন্যাদের স্বামী পরিত্যাক্তা হয়ে ফিরে আসায় হযরত রাসূলে কারীম (সাঃ) খুব খুশী হলেন। তিনি মনে মনে কামনা করলেন, অন্য দু’ জামাইর মত আবুল আসও যদি যয়নাবকে বিদায় দিত! যেহেতু আবুল আসের হাত থেকে যয়নাবকে ছাড়িয়ে নেওয়ার ক্ষমতা রাসূলুল্লাহর (সাঃ) ছিল না এবং মুশরিকদের (পৌত্তলিক) সাথে মুমিন নারীদের বিয়ে তখনও হারাম ঘোষিত হয়নি, এ কারণে তিনি চুপ থাকলেন।

সময় দ্রুত বয়ে চললো। হযরত রাসূলে কারীম (সাঃ) মদীনায় হিজরাত করলেন। কুরাইশদের সাথে সামরিক সংঘাত শুরু হলো। কুরাইশরা মুসলমানদের সাথে যুদ্ধের উদ্দেশ্যে বদরে সমবেত হল। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও আবুল আস কুরাইশদের সাথে বদরে গেলেন। কারণ কুরাইশদের মধ্যে তার যে স্থান তাতে না যেয়ে উপায় ছিলনা। বদরে কুরাইশরা শোচনীয় পরাজয় বরণ করে। তাদের বেশ কিছু নেতা নিহত হয় এবং বহু সংখ্যক যোদ্ধা বন্দী হয়। আর অবশিষ্টরা পালিয়ে প্রাণ বাঁচায়। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই বন্দীদের মধ্যে রাসূলুল্লাহর (সাঃ) জামাই আবুল আসও ছিলেন। ইবন ইসহাক বলেন, বদরে হযরত আবদুল্লাহ ইবন যুবাইর ইবন নুমান (রাঃ) তাকে বন্দী করেন। তবে ওয়াকীদীর মতে হযরত খিরাশ ইবন সাম্মাহর (রাঃ) হাতে তিনি বন্দী হন। [আল ইসাবা-৪/১২২]।

বদরের বন্দীদের ব্যাপারে মুসলমানদের সিদ্ধান্ত হল, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে। বন্দীদের সামাজিক মর্যাদা এবং ধনী দরিদ্র প্রভেদ অনুযায়ী এক হাজার থেকে চার হাজার দিরহাম মুক্তিপণ নির্ধারিত হল। বন্দীদের প্রতিনিধিরা ধার্যকৃত মুক্তিপণ নিয়ে মক্কা মদীনা ছুটাছুটি শুরু করে দিল। নবী দুহিতা হযরত যয়নাব স্বামী আবুল আসের মুক্তিপণ দিয়ে মদীনায় দূত পাঠালেন। ওয়াকীদির মতে আবুল আসের মুক্তিপণ নিয়ে মদীনায় এসেছিল তার ভাই আমর ইবন রাবী। হযরত যয়নাব মুক্তিপণ দিরহামের পরিবর্তে একটি হার পাঠালেন। এই হারটি তার জননী হযরত খাদীজা (রাঃ) বিয়ের সময় তাকে উপহার দিয়েছিলেন। হযরত রাসূলে কারীম (সাঃ) হারটি দেখেই বিমর্ষ হয়ে পড়লেন এবং স্বীয় বিষন্ন মুখ একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে ফেললেন। প্রিয়তমা স্ত্রী ও কন্যার স্মৃতি তার মানসপটে ভেসে উঠলো।

কিছুক্ষণ পর হযরত রাসূলে কারীম (সাঃ) সাহাবীদের লক্ষ্য করে বললেন, “যয়নাব তার স্বামীর মুক্তিপণ হিসেবে এই হার পাঠিয়েছে। তোমরা ইচ্ছা করলে তার বন্দীকে ছেড়ে দিতে পার এবং এ হারটিও তাকে ফেরত দিতে পার।” সাহাবীরা বললেন, “ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আমরা তাই করবো।” সাহাবীরা রাজী হয়ে গেলেন। তবে রাসূলুল্লাহ (সাঃ) আবুল আসকে মুক্তি দেওয়ার আগে তার নিকট থেকে এই অঙ্গীকার নেন যে, সে মক্কায় ফিরে গিয়ে অনতিবিলম্বে যয়নাবকে মদীনায় পাঠিয়ে দেবে।

আবুল আস মক্কা ফিরে গিয়েই প্রতিশ্রুতি পালনের তোড়জোড় শুরু করে দিলেন। তিনি স্ত্রী যয়নাবকে সফরের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন। তিনি যয়নাবকে এ কথাও বললেন যে, মক্কার অনতিদূরে তোমার পিতার প্রতিনিধিরা তোমাকে নেওয়ার জন্য প্রতীক্ষা করছে। আবুল আস স্ত্রীর সফরের প্রস্তুতি সম্পন্ন করে তার ভাই আমর মতান্তরে কিনানাকে ডেকে যয়নাবের সাথে যেতে বললেন এবং তাকে অপেক্ষমান দূতদের হাতে তুলে দিতে বললেন।

ইবন ইসহাক বলেন, সফরের প্রস্তুতি শেষ হলে যয়নাবের দেবর কিনানা ইবন রাবী একটি উট এনে দাঁড় করালো। যয়নাব উটের পিঠের হাওদায় উঠে বসলেন। আর কিনানা স্বীয় ধনুকটি কাঁধে ঝুলিয়ে তীরের বাণ্ডিলটি হাতে নিয়ে দিনে দুপুরে মক্কা থেকে বের হলো। কুরাইশদের মধ্যে হৈ চৈ পড়ে গেল। তারা ধাওয়া করে একটু দূরেই ‘যী-তুওয়া’ উপত্যকায় তাদের দুজনকে ধরে ফেললো।

আলোচ্য ঘটনা সম্পর্কে সীরাত গ্রন্থসমূহে নানা রকম বর্ণনা পাওয়া যায়। কয়েকটি এখানে উল্লেখ করা হলো। কিনানা ইবন রাবী কুরাইশদের আচরণে ক্ষিপ্ত হয়ে কাঁধের ধনুকটি নামিয়ে ‍হাতে নিয়ে তীরের বাণ্ডিলটি সামনে ছড়িয়ে দিয়ে বললো, “তোমাদের কেউ যয়নাবের নিকটবর্তী হওয়ার চেষ্ঠা করলে তার বক্ষ হবে আমার তীরের লক্ষ্যস্থল।” কিনানা ছিল একজন দক্ষ তীরন্দায, তার নিক্ষিপ্ত কোন তীর সচরাচর লক্ষ্যভ্রষ্ট হতো না, কিনানার এ কথা শুনে আবু সুফইয়ান ইবন হারব তার দিকে এগিয়ে গিয়ে বললো, “ভাতিজা, তুমি যে তীরটি আমাদের দিকে তাক করে রেখেছো তা একটু ফিরাও, আমরা তোমার সাথে কিছু কথা বলতে চাই।” আবু ‍সুফইয়ান বললো, “তোমার কাজটি ঠিক হয়নি, তুমি প্রকাশ্যে মানুষের সামনে দিয়ে যয়নাবকে নিয়ে বের হয়েছো, আর আমরা বসে বসে তা দেখছি। সমগ্র আরবের অধিবাসী জানে, বদরে আমাদের কী দূর্দশা ঘটেছে এবং এই যয়নাবের বাপ আমাদের কী সর্বনাশটাই না করেছে। তুমি যদি এভাবে প্রকাশ্যে তার মেয়েকে আমাদের নাকের ওপর দিয়ে নিয়ে যাও ‍তাহলে সবাই আমাদেরকে কাপুরুষ ভাববে এবং এ কাজটি সবাই আমাদের জন্য অপমান বলে বিবেচনা করবে। তুমি যয়নাবকে বাড়ী ফিরিয়ে নিয়ে যাও। কিছুদিন সে তার স্বামীর ঘরে থাকুক। এদিকে যখন লোকেরা বলাবলি করতে শুরু করবে যে, আমরা যয়নাবকে মক্কা ছেড়ে যেতে বাধা দিয়েছি, তখন তুমি তাকে গোপনে তার বাপের কাছে পৌঁছে দিও।”

এ কথায় কিনানা/আমর রাজী হয়ে গেল, যয়নাব মক্কায় ফিরে এল। কিছুদিন পর রাতের অন্ধকারে সে আবার যয়নাবকে নিয়ে মক্কা থেকে বের হলো এবং ভাইয়ের নির্দেশমত তাঁকে তার পিতার প্রতিনিধিদের হাতে নির্দিষ্ট স্থানে সমর্পণ করলো।

তাবারানী উরওয়াহ ইবন ‍যুবাইর হতে বর্ণনা করেছেন। এক ব্যক্তি যয়নাব বিনতু রাসূলুল্লাহকে সাথে নিয়ে বের হলো, কুরাইশদের দু’ ব্যক্তি পিছু ধাওয়া করে তাদের ধরে ফেলে। তারা যয়নাবের সংগী লোকটিকে কাবু করে তাঁকে উটের পিঠ থেকে ফেলে দেয়। যয়নাব একটি পাথরের ওপর ছিটকে পড়েন। তার শরীর কেটে গিয়ে রক্ত বের হয়ে যায়। এ অবস্থায় তারা যয়নাবকে আবু ‍সুফইয়ানের নিকট নিয়ে যায়। আবু সুফইয়ান তাকে বনী হাশিমের মেয়েদের কাছে সোপর্দ করে। পরে তিনি মদীনায় হিজরাত করেন। উটের পিঠ থেকে ফেলে দেওয়ায় যয়নাব যে ব্যাথা পান, আমরণ তিনি সে ব্যথা অনুভব করতেন এবং সেই ব্যথায় শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। এ জন্য লোকে তাঁকে শহীদ মনে করতো। [হায়াতুস সাহাবা-১/৩৭১]।

হযরত আয়িশা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহর (সাঃ) কন্যা যয়নাব কিনানার সাথে মক্কা থেকে মদীনার উদ্দেশ্যে বের হলো। মক্কাবাসীরা তাদের পিছু ধাওয়া করলো। হাব্বার ইবনুল আসওয়াদ সর্বপ্রথম যয়নাবকে ধরে ফেললো। সে যয়নাবের উটটি তীরবিদ্ধ করলে যয়নাব পড়ে গিয়ে আঘাত পেল। সে ছিল সন্তান সম্ভবা। এই আঘাতে তার গর্ভের সন্তানটি নষ্ট হয়ে যায়। অতঃপর বনু হাশিম ও বনু উমাইয়্যা যয়নাবকে নিয়ে বিবাদ শুরু করে দিল। অবশেষে সে হিন্দা বিনতু উতবার নিকট অবস্থান করতে লাগলো। হিন্দা প্রায়ই তাকে বলতো, ‘তোমার এ বিপদ তোমার পিতার জন্যই হয়েছে।’

একদিন রাসূলুল্লাহ (সাঃ) যায়িদ ইবন হারিসাকে বললেন, ‘তুমি কি যয়নাবকে আনতে পারবে?’ যায়িদ রাজী হলো। হযরত রাসূলে কারীম (সাঃ) যায়িদকে একটি আংটি দিয়ে বললেন, “এটা নিয়ে যাও। এটা যয়নাবের কাছে পৌঁছাবে।” আংটি নিয়ে যায়িদ মক্কার দিকে চললো। মক্কার উপকন্ঠে সে এক রাখালকে ছাগল চরাতে দেখলো। সে রাখালকে জিজ্ঞেস করলো, ‘তুমি কার রাখাল?’ রাখাল বললো, ‘আবুল আসের।’ আবার জিজ্ঞেস করলো, ‘ছাগলগুলি কার?’ বললো, ‘যয়নাব বিনতু মুহাম্মাদের।’ যায়িদ কিছুদূর রাখালের সাথে চললো। তারপর তাকে বললো, আমি যদি একটি জিনিস তোমাকে দেই, তা কি তুমি যয়নাবের কাছে পৌঁছে দিতে পারবে? সে রাজী হলো। যায়িদ তাকে আংটিটি দিল, আর রাখাল সেটি যয়নাবের হাতে পৌঁছে দিল।

যয়নাব রাখালকে জিজ্ঞাস করলো, ‘এটি তোমাকে কে দিয়েছে?’ বললো, ‘একটি লোক।’ আবার জিজ্ঞেস করলো, ‘তাকে কোথায় ছেড়ে এসেছো?’ বললো, ‘অমুক স্থানে।’ যয়নাব চুপ থাকলো। রাতের আঁধারে যয়নাব চুপে চুপে সেখানে গেল। যায়িদ ‍তাকে বললো, ‘তুমি আমার উটের পিঠে উঠে আমার সামনে বস।’ যয়নাব অস্বীকৃতি জানিয়ে বললো, ‘না আপনিই আমার সামনে বসুন।’ এভাবে যয়নাব যায়িদের পেছনে বসে মদীনায় পৌঁছলো। হযরত রাসূলে কারীম (সাঃ) প্রায়ই বলতেন, ‘আমার সর্বোত্তম মেয়েটি আমার জন্যই কষ্ট ভোগ করেছে।’ [হায়াতুস সাহাবা-১/৩৭১-৭২]।

স্ত্রী যয়নাব থেকে বিচ্ছেদের পর আবুল আস কয়েক বছর মক্কায় কাটালেন। রাসূলুল্লাহর (সাঃ) মক্কা বিজয়ের অল্প কিছুদিন আগে একটা বাণিজ্য কাফেলা নিয়ে তিনি সিরিয়া গেলেন। বাণিজ্য শেষে তিনি মক্কায় ফিরছেন। একশো উট ও প্রায় একশো সত্তর জন লোকের কাফিলা। যখন তারা মদীনার কাছাকাছি স্থানে তখন মদীনা থেকে যায়িদ বিন হারিসার নেতৃত্বে প্রেরিত একটি ক্ষুদ্র টহলদানকারী বাহিনী তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায় এবং উটসহ সকল লোক বন্দী করে মদীনায় নিয়ে যায়। তবে আবুল আস পালিয়ে যেতে সক্ষম হন।

অবশ্য মূসা ইবন উকবার মতে, আবু বাসীর ও তার বাহিনী আবুল আসের কাফিলার ওপর আক্রমণ চালায়। উল্লেখ্য যে, এই আবু বাসীর ও আরো কিছু লোক হুদাইবিয়ার সন্ধির পর ইসলাম গ্রহণ করে। তবে সন্দির শর্তানুযায়ী মদীনাবাসীরা তাদের গ্রহণ করতে অস্বীকার করে। ফলে তারা মক্কা থেকে পালিয়ে গিয়ে লোহিত ‍সাগরের উপকূলীয় এলাকায় বসবাস করতে থাকে। তারা মক্কার বাণিজ্য কাফিলায় অতর্কিত হামলা চালাতে থাকে। তাদের ভয়ে কুরাইশদের ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম হয়। মক্কার কুরাইশরা বাধ্য হয় তাদেরকে মদীনায় ফিরিয়ে নেওয়ার জন্য রাসূলুল্লাহ (সাঃ) কে অনুরোধ করে। [আল ইসাবা-৪/১২২]।

যাই হোক, আবুল আস পালিয়ে মক্কায় না গিয়ে ভীত সন্ত্রস্তভাবে রাতের অন্ধকারে গোপনে মদীনায় প্রবেশ করেন এবং সোজা যয়নাবের কাছে পৌঁছে নিরাপত্তা প্রার্থনা করেন। যয়নাব তাকে নিরাপত্তার আশ্বাস দেন।

রাত কেটে গেল। হযরত রাসূলে কারীম (সাঃ) ফজরের নামাজের জন্য মসজিদে গেলেন। তিনি মিহরাবে দাঁড়িয়ে ‘আল্লাহু আকবার’ বলে তাকবীরে তাহরীমা বেঁধেছেন। পেছনের মুক্তাদীরাও তাকবীরে ‍তাহরীমা শেষ করেছে। এমন সময় পেছনে মেয়েদের কাতার থেকে যয়নাবের কন্ঠস্বর ভেসে এল, ‘জনমণ্ডলী, আমি মুহাম্মাদের (সাঃ) কন্যা যয়নাব। আমি আবুল আসকে নিরাপত্তা দিয়েছি, আপনারাও তাকে নিরাপত্তা দিন।’

সালাম ফিরিয়ে রাসূলুল্লাহ (সাঃ) লোকদের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, ‘আমি যা শুনেছি, তোমরাও কি তা শুনেছো?’
লোকেরা জবাব দিল, ‘হাঁ, ইয়া রাসূলুল্লাহ!’ রাসূলুল্লাহ (সাঃ) বললেন, ‘যার হাতে আমার জীবন, সেই সত্তার শপথ, আমি এ ঘটনার কিছুই জানিনে। সে সকল মুসলমানের পক্ষ থেকে তাকে নিরাপত্তা দান করেছে।’ অতঃপর তিনি বাড়ীতে যেয়ে মেয়েকে বললেন, ‘আবুল আসের থাকার সম্মানজনক ব্যবস্থা করবে। তবে জেনে রেখ তুমি আর তার জন্য ‍হালাল নও।’

তারপর রাসূলুল্লাহ (সাঃ) সেই বাহিনীর লোকদের ডাকলেন, যারা আবুল আসের কাফিলার উট ও লোকদের বন্দী করে নিয়ে এসেছিল। তিনি তাদের বললেন, ‘আমাদের মধ্যে এই লোকটির (আবুল আস) মর্যাদা সম্পর্কে তোমরা জ্ঞাত আছ। তোমরা তার বাণিজ্য সম্ভার কেড়ে নিয়ে এসেছো। তোমরা তার প্রতি সদয় হয়ে তার মালামাল ফেরত দিলে আমি খুশি হব। আর তোমরা রাজী না হলে আমার কোন আপত্তি নেই। আল্লাহর অনুগ্রহ হিসেবে তোমরা সেই মাল ভোগ করতে পার। তোমরাই সেই মালের অধিক হকদার।’

তারা সকলে বললো, ‘ইয়া রাসূলুল্লাহ, আমরা তার সমুদয় মাল ফেরত দেব।’

আবুল আস চললেন তাদের সাথে মালামাল বুঝে নিতে। তারা আবুল আসকে বললো, ‘শোন আবুল আস, কুরাইশদের মধ্যে তুমি একজন মর্যাদাবান ব্যক্তি রাসূলুল্লাহর চাচাত ভাই এবং তার জামাই। তুমি এক কাজ কর। ইসলাম গ্রহণ করে মক্কাবাসীদের এই মালামালসহ মদীনায় থেকে যাও। বেশ আরামে থাকবে।’ আবুল আস বললেন, ‘তোমরা যা বলছো তা খুবই খারাপ কথা। আমি কি আমার নতুন দ্বীনের জীবন শুরু করবো শঠতার মাধ্যমে?’

আবুল আস তাঁর কাফিলা ছাড়িয়ে নিয়ে মক্কায় পৌঁছলেন। মক্কায় যার যার মাল তাকে বুঝিয়ে দিয়ে তিনি বললেন, ‘ওহে কুরাইশ গোত্রের লোকেরা! আমার কাছে তোমাদের আর কোন কিছু পাওনা আছে কি?’ তারা বললো, ‘না, আল্লাহ তোমাকে উত্তম পুরষ্কার দান করুন। আমরা তোমাকে চমৎকার প্রতিশ্রুতি পালনকারী রূপে পেয়েছি।’

আবুল আস আরো বললেন, ‘আমি তোমাদের হক পরিপূর্ণরূপে আদায় করেছি। এখন আমি ঘোষণা করছি- আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ- আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং নিশ্চয় মুহাম্মাদ আল্লাহর রাসূল।’

মদীনায় অবস্থানকালে আমি এ ঘোষণা দিতে পারতাম। কিন্তু তা দেইনি এ জন্য যে, তোমরা ধারণা করতে আমি তোমাদের মাল আত্মসাৎ করার উদ্দেশ্যেই এমনটি করেছি। আল্লাহ যখন তোমাদের যার যার মাল ফেরত দেওয়ার তাওফীক ‍আমাকে দিয়েছেন এবং আমি আমার দায়িত্ব থেকে মুক্তি পেয়েছি, তখনই আমি ইসলামের ঘোষণা দিচ্ছি।

অতঃপর ‍হযরত আবুল আস (রাঃ) মক্কা থেকে বের হয়ে মদীনায় রাসূলুল্লাহর খিদমতে ‍হাজির হন। হযরত রাসূলে কারীম (সাঃ) সম্মানের সাথে তাকে গ্রহণ করেন এবং তাঁর স্ত্রী যয়নাবকেও তাঁর হাতে সোপর্দ করেন। হযরত রাসূলে কারীম (সাঃ) তাঁর সম্পর্কে প্রায়ই বলতেন, ‘সে আমাকে যা বলেছে, সত্য বলেছে। আমার সাথে ওয়াদা করেছে এবং তা পালনও করেছে।’

হযরত আবুল আস (রাঃ) ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহর (সাঃ) সাথে কোন যুদ্ধে যোগদানের সুযোগ পাননি। হযরত আবু বকরের খিলাফতকালে হিজরী ১২ সনের জিলহজ্জ মাসে তিনি ইনতিকাল করেন। তবে ইবন মুন্দাহর মতে, তিনি ইয়ামামার যুদ্ধে শাহাদাত বরণ করেন। [আল ইসাবা-৪/১২৩, আল ইসতিয়াব]।

হযরত যয়নাব ও আবুল আসের মেয়ে উমামাকে রাসূলুল্লাহ (সাঃ) খুবই স্নেহ করতেন। নামাযের মধ্যে তাকে কাঁধে উঠিয়ে নিতেন বলে বর্ণিত আছে।

       লেখকঃ ড. মুহাম্মাদ আবদুল মাবুদ
   আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
(বইঃ আসহাবে রাসূলের জীবনকথাদ্বিতীয় খন্ড)

শুরাহবীল ইবন হাসানা (রাঃ)

নাম শুরাহবীল, কুনিয়াত বা ডাকনাম আবু আবদিল্লাহ বা আবু আবদির রহমান। পিতা আবদুল্লাহ ইবনুল মুতা, মাতা হাসানা। তবে আবু আমরের মতে হাসানা তার মেয়ের নাম। যাই হোক, শুরাহবীলের পিতা মারা যাওয়ার পর তার মা হাসানা দ্বিতীয়বার সুফইয়ান আনসারীকে বিয়ে করেন। এ কারণে তিনি পিতার পরিবর্তে মাতার নামে পরিচিত হন। এই হাসানার বংশ সম্পর্কে মতভেদ আছে। কেউ বলেছেন কিন্দা গোত্রের, কেউ বলেছেন বনী ‍তামীম গোত্রের, আবার অনেকের মতে বনী জুমাহ গোত্রের। তিনি মক্কায় ইসলামের প্রথম পর্বে ইসলাম গ্রহণ করেন এবং পরিবারের অন্যদের সাথে হাবশায় হিজরত করেন। অতঃপর সেখান থেকে মদীনায় চলে যান। [সীরাতু ইবন হিশাম-২/৩৬৪, ৩৬৯]।

শুরাহবীল ইসলামের সূচনা পর্বেই মুসলমান হওয়ার গৌরব অর্জন করেন এবং মক্কা থেকে হাবশাগামী প্রথম কাফিলার সাথে হাবশায় হিজরত করেন। তারপর হাবশা থেকে সরাসরি মদীনায় আসেন এবং মায়ের দিক দিয়ে সম্পর্কিত বনী খুরাইক গোত্রে বসবাস করতে থাকেন। মদীনায় আসার পর থেকে রাসূলুল্লাহর (সাঃ) ওফাত পর্যন্ত তার জীবনের উল্লেখযোগ্য কোন তথ্য ইতিহাসে পাওয়া যায় না। সম্ভবতঃ রাসূলুল্লাহর (সাঃ) ওফাতের অল্প কিছুদিন আগে তিনি মদীনায় আসেন। ইসলামের খিদমতে তাঁর উল্লেখযোগ্য কর্মজীবন শুরু হয় খলীফা হযরত আবু বকরের (রাঃ) খিলাফত কালে।

হিজরী ১২ সনে খলীফা আবু বকর (রাঃ) মুসলিম বাহিনীর শ্রেষ্ঠ চার সৈনিককে কমান্ডার হিসেবে নির্বাচন করেন। তাঁরা হলেনঃ 

১. আমর ইবনুল আস 
২. ইয়াযীদ ইবন আবী সুফইয়ান
৩. আবু উবাইদা ইবনুল জাররাহ এবং
৪. শুরাহবীল ইবন হাসানা। 

প্রত্যেকের জন্য সৈনিক বাছাই করলেন এবং কে কোন পথে অগ্রসর হবেন তাও বলে দিলেন। বিজয়ের পর কে কোথাকার ওয়ালী হবেন সেটাও নির্ধারণ করে দিলেন। যথাঃ আমর ফিলিস্তীনের, ইয়াযীদ দামেশকের এবং শুরাহবীল জর্দানের (জর্ডানের)। [তারীখুল উম্মাহ আল ইসলামিয়্যাহ-১/১৯০-৯১]। অবশ্য কোন কোন বর্ণনায় পাঁচ জন সেনা কমাণ্ডারের নাম এসেছে। উপরে উল্লিখিত চারজনের মধ্যে তিন জন এবং আবু উবাইদার স্থলে খালিদ ইবনুল ওয়ালীদ ও ইয়াজ ইবন গানম আল ফিহর এর নাম বর্ণিত হয়েছে। [হায়াতুস সাহাবা-৩/৬৮৪, ১/২১৩]। ইবনুল বারকী বলেন, খলীফা উমার (রাঃ) শুরাহবীলকে শামের এক-চতুর্থাংশের শাসক নিযুক্ত করেন। [আল ইসাবা ২/১৪৩]।

সিরিয়া অভিযানে বসরার যুদ্ধে শুরাহবীল ছিলেন একজন কমাণ্ডিং অফিসার। যুদ্ধ শুরুর পূর্বে তাঁর ও প্রতিপক্ষের নেতা ‘রোমানাস’ এর মধ্যে মত বিনিময় হয়। কিন্তু তাতে কোন ফল না হওয়ায় তিনি সৈন্য সুসংগঠিত করে সম্মুখে অগ্রসর হচ্ছেন এমন সময় হযরত খালিদ এসে উপস্থিত হলেন। খালিদ প্রধান সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং তাঁরই নেতৃত্বে প্রতিপক্ষ জিযিয়া দানে সম্মত হয়। [ফুতুহুল বুলদান-১১৯]।

বসরার পর রোমানরা আজনাদাইনে সমবেত হয়। খালিদ তাদের প্রতিহত করার জন্য অগ্রসর হন। কিছুদূর যাওয়ার পর শুরাহবীলও তাঁর সাথে যোগ দেন। উভয়ে সম্মিলিতভাবে রোমান বাহিনীর মুখোমুখি হন এবং এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের পর মুসলিম বাহিনী বিজয় লাভ করে। দামেশক অভিযানে তিনি পদাতিক বাহিনীর কমান্ডার এবং অবরোধের সময় একটি ফটক প্রহরার দায়িত্বে ছিলেন। বিজয়ের সমাপ্তি পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

দামেশক বিজয়ের পর মুসলিম বাহিনী ‘ফাহল’-এর পথে ‘বীসান’-এর দিকে অগ্রসর হয়। প্লাবনের কারণে পথিমধ্যে ‘ফাহল’-এ তাদের যাত্রাবিরতি করতে হয়। এ বাহিনীর সাথেও শুরাহবীল ছিলেন। তাঁরই সতর্কতায় মুসলিম বাহিনী এক মারাত্মক বিপদ থেকে রক্ষা পায়। মূলতঃ রোমানরা সমুদ্রের একটি বাঁধ ভেঙ্গে দিয়ে ‘ফাহল’ ও ‘বীসান’-এর মধ্যবর্তী অঞ্চলে প্লাবনের সৃষ্টি করে। মুসলিম বাহিনী যাত্রা বিরতি করে ফাহল-এ শিবির স্থাপন করে। এই নাজুক পরিস্থিতিতে শুরাহবীল সারা রাত জেগে শিবির পাহারা দিতেন যাতে রোমানরা অতর্কিত আক্রমণ করতে না পারে। সত্যি সত্যিই রোমানরা একদিন হঠাৎ পেছন দিক থেকে আক্রমণ করে বসে কিন্তু শুরাহবীলের দূরদর্শিতা ও সতর্কতার ফলে রোমানরা পরাজিত হয়।

ফাহল এর পর শুরাহবীল ও আমর ইবনুল আস বীসান’-এর দিকে অগ্রসর হন। বীসান-এর অধিবাসীরা ফাহল-এর পরিণাম প্রত্যক্ষ করেছিল। তারা সম্মুখ সমরে অবতীর্ণ না হয়ে কিল্লার দরজা বন্ধ করে দেয়।শুরাহবীল বীসান’ পৌঁছেই কিল্লা অবরোধ করেন। দীর্ঘদিন এ অবরোধ চলতে থাকে। একদিন কতিপয় লোক কিল্লা থেকে বের হয়ে আক্রমণ চালানোর চেষ্ঠা করলে তাদের হত্যা করা হয়। অবশেষে তারা দামেশকের শর্তাবলীতে সন্ধি করে। এরপর ‘তিবরিয়া’-এর অধিবাসীরা শুরাহবীলের নিকট প্রতিনিধি পাঠিয়ে চুক্তিতে আবদ্ধ হয়। অতঃপর হযরত শুরাহবীল জর্দান (জর্ডান) এলাকা ও এর আশেপাশের সকল শহর প্রায় বিনা বাধায় ও বিনা রক্তপাতে ইসলামী শাসনের অধীনে আনেন।

ইয়ারমুক অভিযানে মুসলিম বাহিনী সিরিয়ার সকল অঞ্চল থেকে গুটিয়ে ইয়ারমুকে সমবেত হয়। হযরত শুরাহবীলও আসেন। তিনি ও ইয়াযীদ ইবন আবু সুফইয়ান একই স্থানে অবস্থান গ্রহণ করেন। খালিদ ছিলেন এ অভিযানের সিপাহসালার বা প্রধান সেনাপতি। তিনি গোটা সেনাবাহিনীকে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ছত্রিশটি ভাগে বিভক্ত করেন এবং প্রতিটি ভাগকে একজন অফিসারের অধীনে ন্যস্ত করেন। ডান ও বাম ভাগের দায়িত্ব অর্পিত হয় হযরত আমর ইবনুল আস ও শুরাহবীল ইবন হাসানার ওপর। এ যুদ্ধে রোমানদের প্রথম আঘাতেই মুসলিম বাহিনীর অবস্থা যখন টলটলায়মান এবং অনেকে ময়দান থেকে ভেগে যায় তখনও শুরাহবীল অটল। এ যুদ্ধে তিনি জীবনবাজী রেখে লড়েন।

হিজরী ১৮ সনে মুসলিম বাহিনী সিরিয়া অভিযানে লিপ্ত। এ সময় ইরাক, সিরিয়া ও মিসরে মহামারি আকারে প্লেগ দেখা দেয়। আমর ইবনুল আস বললেন, এই প্লেগ হচ্ছে আল্লাহর আযাব। সুতরাং তোমরা বিভিন্ন উপত্যকা ও গিরিপথে ছড়িয়ে ছিটিয়ে পড়। এ কথা শুনে শুরাহবীল ভীষণ রেগে গেলেন। তিনি বললেন, আমর ঠিক কথা বলেনি। আমি যখন রাসূলুল্লাহর (সাঃ) সংগী তখনও আমর তার পরিবারের উটের চেয়েও পথভ্রষ্ট। নিশ্চয় এ প্লেগ তোমাদের নবীদের দুআ, রবের রহমত এবং তোমাদের পূর্ববর্তী বহু সত্যনিষ্ট লোক এতে মৃত্যুবরণ করেছেন। [হায়াতুস সাহাবা-২/৫৮১]। তিনি ছিলেন একান্তভাবে আল্লাহ নির্ভর ব্যক্তি। তাই রোগের ভয়ে স্থান ত্যাগ করা সমীচীন মনে করেননি। তিনি স্থান ত্যাগ করলেন না। বর্ণিত আছে হযরত মু’য়াজ ইবন জাবাল, আবু উবাইদাহ, শুরাহবীল ইবন হাসানা ও আবু মালিক আল-আশয়ারী (রাঃ) একই দিন প্লেগে আক্রান্ত হন। [হায়াতুস সাহাবা-২/৫৮২]। আমওয়াসের এই প্লেগে অনেকের সাথে হযরত শুরাহবীল ইবন হাসানা ৬৭ বছর বয়সে ইনতিকাল করেন। অবশ্য ইবন ইউনূস বলেন, রাসূলুল্লাহ (সাঃ) শুরাহবীলকে মিসর পাঠান এবং সেখানেই তিনি মারা যান। [আল ইসাবা-২/১৪৩]। ইবন ইউনুসের মতটি বিভিন্ন কারণে গ্রহণযোগ্য নয় বলে মনে হয়।

হযরত শুরাহবীলের সারাটি জীবন হাবশা প্রবাসে এবং পরবর্তীতে জিহাদের ময়দানে অতিবাহিত হলেও রাসূলুল্লাহর (সাঃ) হাদীস বর্ণনার ক্ষেত্রে কোন অংশে পিছিয়ে নন। তিনি বেশ কিছু হাদীস বর্ণনা করেছেন।

শিফা বিনতু আবদিল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহর (সাঃ) কাছে গেলাম কিছু ‍সাদকা চাওয়ার উদ্দেশ্যে। কিন্তু তিনি সাদকা দানে অক্ষমতা প্রকাশ করলেন, আর আমিও চাপাচাপি করতে লাগলাম। ইতিমধ্যে নামাযের সময় এলো। আমি রাসূলুল্লাহর (সাঃ) নিকট থেকে বের হয়ে আমার মেয়ের ঘরে গেলাম। শুরাহবীল ইবন হাসানার স্ত্রী আমার মেয়ে। আমি শুরাহবীলকে ঘরেই পেলাম। আমি তাকে বললাম, নামাযের সময় হয়েছে, আর তুমি ঘরে বসে আছ? আমি তিরষ্কার করতে লাগলাম। তখন সে বললো, আমাকে তিরষ্কার করবেন না। আমার একখানা মাত্র কাপড়, সেটাও রাসূলুল্লাহ (সাঃ) ধার নিয়েছেন। আমি বললাম, আমার মা-বাবা কোরবান হোক! আজ সারাদিন আমি রাসূলুল্লাহর (সাঃ) সংগে ঝগড়া করেছি, অথচ তাঁর এ করুণ অবস্থা আমি মোটেও বুঝতে পারিনি। শুরাহবীল বলেন, ‘রাসূলুল্লাহর (সাঃ) একখানা মাত্র কাপড়, আমরা তাতে তালি লাগিয়ে দিয়েছি।’ [হায়াতুস সাহাবা-১/৩২৬]।

        লেখকঃ ড. মুহাম্মাদ আবদুল মাবুদ
    আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
(বইঃ আসহাবে রাসূলের জীবনকথাদ্বিতীয় খন্ড)

Sunday, May 26, 2019

যায়িদ ইবনুল খাত্তাব (রাঃ)

নাম যায়িদ, ডাক নাম আবু আবদির রহমান। পিতা খাত্তাব ইবন নুফাইল, মাতা আসমা বিনতু ওয়াহাব। হযরত উমার ইবনুল খাত্তাবের বৈমাত্রীয় ভাই এবং বয়সে হযরত উমার থেকে বড়। [উসুদুল গাবা-২/২২৮]।

ইসলামের সূচনা পর্বে উমারের বাড়াবাড়ির কারণে যদিও খাত্তাবের বাড়ী সন্ত্রস্ত ছিল, তথাপি যায়িদ উমারের পূর্বেই ইসলাম কবুল করেন এবং মুহাজিরদের প্রথম কাফিলার সাথে মদীনায় হিজরতও করেন। হযরত রাসূলে কারীম (সাঃ) মদীনায় আসার পর মা’ন ইবন আদী আল আজলানীর সাথে তার মুওয়াখাত বা ভাতৃসম্পর্ক প্রতিষ্ঠা করে দেন।

মদীনায় আসার পর সর্বপ্রথম ‘বদর’ যুদ্ধে শরীক হন। তারপর উহুদেও অংশ গ্রহণ করেন। দারুন ‍সাহসী ছিলেন। প্রত্যেক যুদ্ধে তিনি যতটা না বিজয় কামনা করতেন তার চেয়ে বেশি কামনা করতেন শাহাদাত। উহুদে তিনি অসীম সাহসের সাথে লড়ছেন। এমন সময় তার ভাই উমার লক্ষ্য করলেন যায়িদের বর্মটি খুলে পড়ে গেছে এবং সে দিকে তার ভ্রুক্ষেপ নেই। তিনি নাঙ্গা শরীরে শত্রু বাহিনীর মাঝখানে ঢুকে পড়ছেন। উমার ভাইকে খুব ভালোবাসতেন। তিনি চিৎকার করে ভাইকে ডেকে বললেন, খুজ দিরয়ী ইয়া যায়িদ, ফা কাতিল বিহা ─ যায়িদ, এই নাও আমার বর্মটি। এটি পরে যুদ্ধ কর।

যায়িদ উত্তর দিলেন, ইন্নী উরীদু মিনাশ ‍শাহাদাতি মা তুরীদুহু ইয়া উমার ─ ওহে উমার, তোমার মত আমারও তো শাহাদাতের সুমধুর পানীয় পান করার আকাংখা আছে। তারপর দুজনেই বর্ম ছাড়াই যুদ্ধ করেন। [তাবাকাত ইবন সা’দ-৩/২৭৫. হায়াতুস সাহাব-১/৫১৫, রিজালুন হাওলার রাসূল-৩৪৪]।

তিনি হুদাইবিয়ার ঘটনায় উপস্থিত ছিলেন এবং হযরত রাসূলে কারীমের (সাঃ) হাতে বাইয়াত করেন। তাছাড়া খন্দক, হুনাইন, আওতাস প্রভৃতি যুদ্ধেও তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। বিদায় হজ্জেও তিনি রাসূলুল্লাহর (সাঃ) সফরসঙ্গী ছিলেন। এ সফরেই তিনি রাসূলুল্লাহর (সাঃ) এ বাণী শোনেন, ‘তোমরা যা নিজেরা খাও, পর, তাই তোমাদের দাস দাসীদের খাওয়াও, পরাও। যদি তারা কোন অপরাধ করে, আর তোমরা তা ক্ষমা করতে না পার, তাহলে তাকে বিক্রি করে দাও।’ [তাবাকাত-৩/২৭৪]।

হযরত আবু বকর সিদ্দীকের (রাঃ) খিলাফতকালে ধর্মদ্রোহীদের যে ফিতনা বা অশান্তি মাথাচাড়া দিয়ে ওঠে তা নির্মূলের জন্য হযরত যায়িদ অন্যদের সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন এবং অনেক মুরতাদকে তিনি স্বহস্তে হত্যা করেন। বিখ্যাত মুরতাদ নাহার ইবন উনফূহ্‌ ─ যার ইসলাম ত্যাগ করা সম্পর্কে রাসূলুল্লাহ (সাঃ) তার মুসলমান থাকাকালেই ভবিষ্যৎবাণী করেছিলেন, তাকে হযরত যায়িদ নিজ হাতে খতম করেন। মুসাইলামা কাজ্জাবের সাথে ইয়ামামার যুদ্ধে ইসলামী ঝান্ডা বহনের দায়িত্ব পড়ে তার ওপর। যুদ্ধ চলাকালে বনু হানীফা একবার এমন মারাত্মক আক্রমণ চালায় যে, মুসলিম বাহিনী পরাজয়ের দ্বারপ্রান্তে উপনীত হয়। কিছু সৈনিক তো যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যায়। এতে যায়িদের সাহস আরও বেড়ে যায়। তিনি চিৎকার করে সাথীদের আহ্‌বান জানিয়ে বলতে লাগলেন, ওহে জনমন্ডলী, তোমরা দাঁত কামড়ে ধরে শত্রু নিধন কার্য চালিয়ে যাও। তোমরা সুদৃঢ় থাক। আল্লাহর কসম, আল্লাহ তাদের পরাজিত না করা অথবা আমি আল্লাহর সাথে মিলিত না হওয়া পর্যন্ত কোন কথা আমি বলবো না। আল্লাহর সাথে মিলিত হলে সেখানেই আমি আত্মপক্ষ সমর্থন করে কথা বলবো।” [রিজালুন হাওলার রাসূল-৩৪৫]। তারপর তিনি সংগী-সাথীদের ভুলের জন্য আল্লাহর দরবারে ক্ষমাপ্রার্থী হয়ে বলতে থাকেন, আল্লাহুম্মা ইন্নি আ’তাজিরু ইলাইকা মিন মিরারে আসহাবী ─ হে আল্লাহ, আমার সংগী-সাথীদের ভেগে যাওয়ায় আমি তোমার কাছে ক্ষমা চাই।” [হায়াতুস সাহাবা-১/৫৩৪-৩৫]। এ অবস্থায় তিনি পতাকা দুলিয়ে শত্রু বাহিনীর ব্যুহ ভেদ করে চলে যান এবং তরবারী চালাতে চালাতে শাহাদত বরণ করেন। তাঁর শাহাদাতের পর হযরত সালেম (রাঃ) পতাকা তুলে নেন। হযরত ‍যায়িদের মৃত্যু সন হিজরী ১২। [আল ইসাবা -১/৫৬৫]।

হযরত যায়িদ ছিলেন হযরত উমারের (রাঃ) অতি প্রিয়জন। তাঁর মৃত্যুতে হযরত উমার অত্যন্ত শোকাভিভূত হয়ে পড়েন। তাঁর সামনে কোন মুসীবত উপস্থিত হলেই তিনি বলতেন, যায়িদের মৃত্যুশোক আমি পেয়েছি এবং সবর করেছি। যায়িদের হত্যাকারীকে দেখে উমার (রাঃ) বলেন, ‘তোমার সর্বনাশ হোক, তুমি আমার ভাইকে হত্যা করেছো। প্রভাতের পূবালী বায়ু তারই স্মৃতি নিয়ে আসে।’ [হায়াতুস সাহাবা-২/৫৯২]। এত প্রিয় ভাইয়ের মৃত্যুশোকে তিনি কিন্তু দিশেহারা হয়ে পড়েননি। মদীনায় খলীফা আবু বকরের (রাঃ) সাথে তিনি ইয়ামামা প্রত্যাগত সৈনিকদের অভ্যর্থনা জানাচ্ছিলেন। তাদের কাছে ভাইয়ের শাহাদাতের খবর শুনে তিনি বলে ওঠেন, সাবাকানী ইলাল হুসনাইন আসলামা কাবলী ওয়া ইসতাশহাদা কাবলী ─ দুটি নেক কাজে তিনি আমার থেকে অগ্রগামী রয়ে গেলেন ─ আমার আগেই ইসলাম গ্রহণ করেন এবং আমার আগে শাহাদাতও বরণ করলেন। [আল ইসাবা-১/৫৬৫]।

ঠিক এই সময় আরবের তৎকালীন এক বিখ্যাত কবি মুতাম্মিম ইবন নুওয়াইরার এক ভাইও একটি যুদ্ধে হযরত খালিদ ইবনুল ওয়ালীদের হাতে নিহত হয়। কবি মুতাম্মিম তার ভাইকে খুব ভালোবাসতেন। তিনি মৃত ভাইয়ের স্মরণে এমন এক করুণ মরসিয়া রচনা করেন যে, তা শুনে শ্রোতাদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তো। ঘটনাক্রমে হযরত উমারের (রাঃ) সাথে কবির সাক্ষাত হয়। উমার (রাঃ) তাকে জিজ্ঞেস করেন, ‘তুমি তোমার ভাইয়ের মৃত্যুতে কতখানি শোক পেয়েছো?’ কবি বললেন, কোন এক রোগে আমার একটি চোখ থেকে অশ্রু বের হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু ভাইয়ের শোকে যেদিন থেকে সেই চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে আজ পর্যন্ত তা আর বন্ধ হয়নি। তার কথা শুনে হযরত উমার মন্তব্য করেন, শোক-দুঃখের এটাই হচ্ছে চূড়ান্ত পর্যায়। যে চলে যায় তার জন্য কেউ এতখানি ব্যাথাতুর হয় না। তারপর তিনি বলেন, আল্লাহ যায়িদকে ক্ষমা করুন। যদি আমি কবি হতাম তার জন্য আমি মরসিয়া রচনা করতাম। এ কথা শুনে কবি মুতাম্মিম বলে ওঠেন, আমীরুল মু’মিনীন, যদি আপনার ভাইয়ের মত আমার ভাই শহীদ হতো, আমি কক্ষনো অশ্রু বিসর্জন করতাম না। কবির এ কথায় হযরত উমার (রাঃ) অনেকটা সান্ত্বনা লাভ করেন। তারপর তিনি বলেন, ‘এর থেকে উত্তম সান্ত্বনা বাণী আর কেউ আমাকে শুনায়নি।’

বিভিন্ন ব্যক্তি হযরত যায়িদ ইবনুল খাত্তাব (রাঃ) থেকে হাদীস বর্ণনা করেছেন।

       লেখকঃ ড. মুহাম্মাদ আবদুল মাবুদ
   আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
(বইঃ আসহাবে রাসূলের জীবনকথাদ্বিতীয় খন্ড)