Sunday, March 15, 2020

মহানবীর চির বিদায়ের প্রস্তুতি

একাদশ হিজরী সাল।

বিদায় হজ্ব শেষে মহানবী (সাঃ) মদীনায় ফিরেছেন। ফিরবার পর পৃথিবীর সমস্ত কাজ-কাম সমাধা করার জন্যে মহানবী ব্যস্ত হয়ে পড়লেন। যেন তিনি কোন মহাযাত্রার আয়োজন শুরু করে দিয়েছেন।

হজ্ব থেকে প্রত্যাবর্তনের পথেই তাঁর প্রিয় সাহাবীদের কবরগাহ্ জান্নাতুল বাকিতে রাতের একটা দীর্ঘ সময় তিনি কাটিয়ে দিয়েছেন। তিনি তাঁর সাহাবীদের জন্যে দোয়া করেছেন এবং তাঁদের কাছে বিদায় নিয়েছেন।

জান্নাতুল বাকি থেকে ফিরে আসার পর সফর মাসের শেষার্ধের প্রথমভাগে মহানবীর মধ্যে পীড়ার সূত্রপাত ঘটলো।

বিখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, ইন্তিকালের একমাস আগেই হযরত তাঁর মৃত্যু সংবাদ সকলকে জানিয়েছিলেন।

মহানবী (সাঃ) অসুস্থ হয়ে পড়ার পর যেন সেই চির বিদায়ের মহাসময়টাই ঘনিয়ে এলো।

এ সময় একদিন মহানবী (সাঃ) আয়েশা সিদ্দিকা (রাঃ)-এর বাড়ীতে সবাইকে ডাকলেন।

সকলে উপস্থিত হলে মহানবী (সাঃ) বললেনঃ হে লোক সকল, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ তোমাদের উপর রহম করুন। তাঁর সাহায্য ও শক্তিবলে তোমরা জীবনের কর্মসময়ে জয়যুক্ত ও কল্যাণমণ্ডিত হও। তিনি তোমাদের মহত্ত্ব দান করুন, সৎপথ প্রদর্শন করুন এবং সততা অর্জনের শক্তি দান করুন। তাঁর আশ্রয়ে তোমরা নিরাপদ থাক।

আমি তোমাদেরকে আল্লাহর নামে ধর্মভীরু হবার অছিয়ত করছি। তোমাদেরকে আমি তাঁরই মঙ্গল-হাতে সমর্পণ করে যাচ্ছি। আমি তোমাদেরকে আল্লাহর ন্যায়দণ্ড সম্বন্ধে বিশেষরূপে সতর্ক করে বলছি যে, সাবধান, কোন দেশের কোন জাতির উপর অন্যায় আচরণ করো না, এতে তোমরা তাঁর (আল্লাহর) বিদ্রোহী বলে গণ্য হবে। আল্লাহ আমাকে ও তোমাদেরকে বলছেন, “পরকালের পরম শান্তির নিবাস আমি সে সকল লোকদের জন্য (নির্ধারিত) করব যারা পৃথিবীতে আত্মম্ভরিতা করতে ও বিশৃংখলা সৃষ্টি করতে চায় না। সংযমশীল লোকেরাই পরিণামে কল্যাণ লাভ করে থাকে।তোমরা ভবিষ্যতে যেসব বিজয় লাভ করবে তা আমি দেখতে পাচ্ছি। তোমরা আমার পর মুশরিক হয়ে যাবে, সে আশংকাও আমার নেই। কিন্তু আমার ভয় হচ্ছে, আমার পর তোমরা ধন-সম্পদের মায়ামোহে মুগ্ধ না হয়ে পড়, এ নিয়ে তোমরা পরস্পর রক্তপাত ঘটাতে প্রবৃত্ত না হও এবং সে অপকর্মের অবশ্যম্ভাবী প্রতিফলস্বরূপ পূর্ববর্তী জাতিসমূহের ন্যায় তোমরা বিধ্বস্ত হয়ে না যাও।

তোমরা আমার অনুপস্থিত সাহাবীদের আমার সালাম পৌঁছে দেবে। আর আজ থেকে কিয়ামত পর্যন্ত যারা আমার প্রচারিত দ্বীনের অনুসরণ করবে, তোমাদের মাধ্যমে তাদের প্রতিও আমার সালাম অনন্ত-অফুরন্ত দোয়া।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি তৃতীয় খণ্ড

মহানবীর এক গল্পে আবু বকর (রাঃ) কাঁদলেন

মহানবীর (সাঃ) চির বিদায়ের পাঁচ দিন আগের কথা।

সেদিন মহানবীর (সাঃ) পীড়ার তীব্রতা খুবই বৃদ্ধি পেল। রোগ-যন্ত্রণায় তিনি অস্থির।

কিন্তু এর মধ্যেও তিনি তাঁর শেষ কথাগুলো মানুষকে জানাবার জন্য ব্যস্ত। তিনি সেখানে উপস্থিত মুসলিম নর-নারীদের উদ্দেশ্য করে বললেনঃ

তোমাদের আগের জাতিগুলো তাদের পরলোকগত নবী ও বুজুর্গদের কবরগুলোকে উপাসনালয়ে পরিণত করেছে। সাবধান! তোমরা যেন এই মহাপাপে নিজেদের লিপ্ত করো না। খৃস্টান ও ইহুদীরা এই পাপে অভিশপ্ত হয়েছে। দেখ, আমি নিষেধ করছি আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি তোমাদেরকে সুস্পষ্টভাবে নিষেধ করে যাচ্ছি, সাবধান আমার কবরকে সিজদাগাহ বানাবে না। আমার এই চরম অনুরোধ অমান্য করলে তজ্জন্য তোমরাই আল্লাহর নিকট দায়ী হবে। হে আল্লাহ, আমার কবরকেপূজাস্থলেপরিণত করতে দিও না।

আর একদিনের কথা।

অসুস্থ মহানবী (সাঃ) মসজিদের মিম্বরে আরোহণ করলেন। সকলের উদ্দেশ্যে বললেন, “আল্লাহ তাঁর একজন দাসকে দুনিয়ার সমস্ত সম্পদ দান করলেন। কিন্তু সে দাস তা গ্রহণ না করে আল্লাহকে গ্রহণ করলো।

এই কথা শ্রবণ করে আবুবকর (রাঃ) কাঁদতে শুরু করলেন।

আবুবকর (রাঃ)-এর কান্না দেখে অনেকে বলাবলি করতে লাগল, বৃদ্ধের হঠাৎ আজ কি হলো! আল্লাহর নবী একজন লোকের গল্প বলছেন, আর উনি কেঁদে আকুল হচ্ছেন!

এ যে ছিল মহানবীর আশু বিদায়ের ইঙ্গিত, তা অনেকেই বুঝতে পারেননি।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি তৃতীয় খণ্ড

‘এই শেষ ভ্রাতৃবর্গ, এই শেষ’

সেদিন মহানবী (সাঃ)-এর পীড়ার ১১তম দিন।

অসুস্থতা সত্ত্বেও এতদিন মহানবী (সাঃ) মসজিদে নববীর নামাযের জামায়াতে নিজেই ইমামতি করে এসেছিলেন। আজকেও তিনি উঠেছেন নামাযের জন্যে।

ওজু করতে লাগলেন।

মাথা ঘুরতে লাগল তাঁর।

পরপর তিনবার চেষ্টা করেও তিনি পারলেন না ওজু করতে।

দিন ধরে তাঁর ব্যাধির তীব্রতা ক্রমেই প্রকট হয়ে উঠছিল। খাইবারের সেই ইহুদীনির খাওয়ানো বিষের জ্বালাও মারাত্মক হয়ে উঠেছিল। আজ অবশেষে তিনি পারছেন না সাহাবীদের সাথে নামাযে শরিক হতে।

জামায়াতে উপস্থিত সাহাবীদের তিনি বলে পাঠালেন, ‘আবু বকরকে নামাযে ইমামতি করতে বলো।

আবু বকরকে নবীর স্থানে ইমামতিতে দাঁড়াতে দেখে সাহাবীরা ধৈর্য আর রাখতে পারলেন না। কান্নায় আকুল হলেন সবাই।

এর মধ্যেই ধৈর্যের মহাপ্রতীক আবু বকর (রাঃ) নামাযের ইমামতি শুরু করে দিলেন। এ সময় মহানবী (সাঃ) একটু আরামবোধ করলেন।

সঙ্গে সঙ্গেই তিনি দুজন আত্মীয়ের কাঁধে ভর দিয়ে মসজিদে এলেন।

আবু বকরের ইমামতিতে তখন নামায চলছিল।

মহানবী (সাঃ)-কে জায়গা ছেড়ে দেবার জন্যে সরে দাঁড়াচ্ছিলেন আবু বকর (রাঃ)। মহানবী (সাঃ) তাঁকে নিষেধ করলেন এবং মহানবী (সাঃ) আবু বকরের পাশে বসে নামায পড়লেন।

নামাযের পর মহানবী (সাঃ) ফিরে বসে সাহাবীদের উদ্দেশ্যে বললেন, “হে মুসলিমগণ, আমি তোমাদেরকে আল্লাহর হাতে সমর্পণ করে যাচ্ছি। তাঁর আশ্রয় ও তাঁর সাহায্যের কাছে তোমাদের সঁপে দিচ্ছি। আল্লাহই তোমাদের রক্ষা করবেন। তোমরা নিষ্ঠা, ভক্তি ও সততার সাথে তাঁর আদেশ পালন করতে থেকো। তাহলে তিনি তোমাদের রক্ষা করবেন। এই শেষ ভ্রাতৃবর্গ, এই শেষ।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি তৃতীয় খণ্ড

বেদনা-বিধুর সেই সোমবার

সেদিন সোমবার।

চরম বেদনা-বিধুর এক সোমবার।

চির বিদায়ের দিন মহানবীর।

তখন সুবহে সাদিক।

মসজিদে নববীতে ফজরের জামায়াতে সমবেত হয়েছেন সাহাবীরা।

নামায তখন আরম্ভ হয়েছে।

এ সময় মহানবীর হৃদয় ব্যাকুল হয়ে উঠল তাঁর পরেও আল্লাহর বান্দারা কিভাবে মহাপ্রভুর উপাসনায় লিপ্ত থাকে তা দেখার জন্য।

তিনি তাঁর কামরার পর্দা তুলে দিতে বললেন। পর্দা উঠে যেতেই মসজিদে নববীতে সাহাবীদের নামাযের জামায়াত দৃশ্যমান হয়ে উঠল।

এই নয়নাভিরাম দৃশ্য দেখে সেই অন্তিম সময়েও মহানবীর মুখ-মণ্ডলের রোগ-ক্লিষ্টতা যেন দূর হয়ে গেল। আনন্দ-উৎসাহে দীপ্ত হয়ে উঠল তাঁর বদনমণ্ডল। ঠোঁটে দেখা দিল তাঁর হাসির রেখা।

সাহাবীদের দিকে চেয়ে শেষবার যেন হাসলেন মহানবী (সাঃ)।

সেই শেষ দিনের আরেক দৃশ্য।

রোগ যন্ত্রণায় অস্থির হয়ে পড়লেন রাহমাতুললিল আলামিন, শেষ নবী মহানবী (সাঃ)।

শিয়রে বসে ছিলেন স্নেহের দুলালী ফাতিমা (রাঃ)।

যন্ত্রণাকাতর পিতার দিকে চেয়ে চিৎকার করে বলে উঠলেন, ‘হায়, আমার পিতা না জানি কত কষ্ট পাচ্ছেন।

স্নেহের দুলালী কন্যা ফাতিমার এই বিলাপ শুনে মহানবী বললেন, ‘ফাতিমা, আর অল্প সময় তোমার পিতার কষ্ট, আজকের পর আর কষ্ট নেই।

মহানবীর পাশে উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ)। যন্ত্রণা-পীড়িত মহানবীর একটা অভিপ্রায় তিনি বুঝলেন। উম্মুল মুমিনীন একটা মেছওয়াক চিবিয়ে মহানবীর হাতে দিলেন। তা নিয়ে মহানবী (সাঃ) ধীরে ধীরে দাঁতে বুলালেন। নিকটে পানির একটা পাত্র ছিল। পাত্র থেকে হাতে করে পানি নিয়ে মুখে দিতে দিতে তিনি বললেন, “মৃত্যুর অনেক কষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ। হে আল্লাহ আমাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করার শক্তি দান কর।

দিনের তখন তৃতীয় প্রহর শেষ হতে যাচ্ছে। মহানবী (সাঃ) বার বার অচেতন হয়ে পড়ছেন। প্রতিবার চেতনা ফিরে আসার পরই তিনি বলছেন, “হে আল্লাহ, হে আমার পরম বন্ধু, হে আমার পরম সুহৃদ তোমার সঙ্গে তোমার সন্নিধানে।

মহানবীর পরম স্নেহভাজন হযরত আলী (রাঃ)-এর কোলে তখন মহানবীর মাথা। চোখ মেললেন মহানবী (সাঃ) এবং আলীর দিকে তাকালেন। বললেন, “সাবধান, দাস-দাসীদের প্রতি নির্মম হয়ো না।

মহানবীর চির বিদায়ের অন্তিম মুহূর্ত।

উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) মহানবীর মাথা কোলে নিয়ে বসে আছেন। তখন শেষবারের মত মহানবী (সাঃ) চোখ খুললেন। উচ্চকণ্ঠে বলে উঠলেন, ‘নামাজ, নামাজ সাবধান! দাস-দাসীদের প্রতি সাবধান!এবং মহানবীর কণ্ঠে উচ্চারিত হলো, ‘হে আল্লাহ, হে আমার পরম সুহৃদ!

এটাই ছিল রাহমাতুললিল আলামিনের শেষ নিঃশ্বাসের শেষ কথা।

মহাপ্রভুর উদ্দেশ্যে চির বিদায় ঘটল জগতের শেষ নবী, আশরাফুল আম্বিয়া, রাহমাতুললিল আলামিন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি তৃতীয় খণ্ড

নতুন ইকরামা

ইকরামা বিন আবু জাহল পালাচ্ছে।

মহানবীর মক্কা বিজয়ের পর স্বাভাবিকভাবেই সে মনে করল তার আর রক্ষা নেই।

মহানবী (সাঃ) ও মুসলমানদের বিরুদ্ধে তার অপরাধ সীমাহীন।

মক্কা বিজয়ের প্রাক্কালে মহানবী (সাঃ) মক্কাবাসীরা অস্ত্র হাতে না নিলে তাদের জন্যে শান্তি ও নিরাপত্তা ঘোষণা করেছিলেন। এ সময় ইকরামা মুসলিম বাহিনীকে আক্রমণ করে। দুজন মুসলিম শহীদ হওয়া ছাড়াও আরও কয়েক ডজন লোক আহত হয় তার কারণে।

এছাড়া বদর, উহুদ, খন্দক ও মুসলমানদের আশ্রিত বনু খোজায়ার বিরুদ্ধে যুদ্ধে সে চরম বৈরিতা ও নৃশংসতা প্রদর্শন করেছে।

সুতরাং পালাচ্ছে সে।

জেদ্দার উপকূল থেকে নৌকা নিয়ে সে পালাচ্ছে আরব ভূমি থেকেই।

কিন্তু পার হতে পারল না সে লোহিত সাগর। প্রবল বাতাস তার নৌকা আবার ফিরিয়ে আনল জেদ্দা উপকূলে। শত চেষ্টা করেও সে রোধ করতে পারল না নৌকার পেছন গতি।

কূলের কাছাকাছি এসে দেখল তীর থেকে তার স্ত্রী উম্মে হাকিম তাকে কাপড় উড়িয়ে ডাকছে।

ইকরামা তীরে নামলে তার স্ত্রী তাকে বলল, ‘আমি সেই মহানুভবের কাছ থেকে এসেছি যিনি সকল মানুষের মধ্যে সর্বোত্তম ও সবচেয়ে বেশী আত্মীয়তার বন্ধন মজবুতকারী। আমি তার নিকট থেকে তোমার নিরাপত্তা লাভ করেছি। তুমি রাসূলুল্লাহর কাছে চলো।

ইকরামা তার স্ত্রীর সাথে হাজির হলো মহানবী (সাঃ)-এর দরবাবে।

আমৃত্যু বৈরী সেই আবু জাহলের পুত্র ইকরামা। এই ইকরামাও বৈরিতার কোন কিছুই বাদ রাখেনি।

সেই ইকরামা সমীপবর্তী হলেন মহানবীর। বেশ দূরে থাকতেই ইকরামাকে চিনতে পারলেন মহানবী (সাঃ)। উৎসাহ আগ্রহে বসা থেকে উঠে দাঁড়িয়েছেন তিনি।

দ্বিধা, সংকোচ, ভয় সব মিলিয়ে পদক্ষেপগুলো জড়িয়ে পড়ছে ইকরামার। এগুতে যেন কষ্ট হচ্ছে তার।

উঠে দাঁড়িয়ে মহানবী (সাঃ) দুহাত বাড়িয়ে ছুটলেন ইকরামার দিকে। দ্রুততার কারণে তাঁর গায়ের চাদর খসে পড়ে গেল গা থেকে।

মহানবী (সাঃ) জড়িয়ে ধরলেন ইকরামাকে। বললেন, ‘খোশ আমদেদ, বিদেশী সওয়ার।

ইকরামা তার স্ত্রীর দিকে ইঙ্গিত করে বললেন, ‘সে জানতে পেরেছে, আপনি আমাকে নিরাপত্তা দিয়েছেন।

সে সত্য বলেছে।বললেন মহানবী (সাঃ)। আনন্দে উজ্জল হয়ে উঠল ইকরামার মুখ। লজ্জা-বেদনায় নুয়ে গেল ইকরামার মাথা। ভেজাকণ্ঠে বললেন, “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ এক, তাঁর কোন অংশীদার নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, অবশ্যই আপনি তাঁর বান্দাহ ও রাসূল। হে আল্লাহর রাসূল, এর আগে আমি ইসলাম-দুশমনির বহু প্রমাণ দিয়েছি। এখন আমার আশা, আজ পর্যন্ত আমি আপনার সাথে যে শত্রুতা করেছি, যত যুদ্ধে আপনার বিরুদ্ধে লড়েছি, হক পথে যত বাধা আরোপ করেছি, সেসব ক্ষমা করে দিন। আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করুন।

আল্লাহর রাসূল দুহাত তুললেন। ক্ষমা প্রার্থনা করলেন তিনি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে ইকরামার জন্যে।

আনন্দাশ্রুতে ভরে গেল ইকরামার দুচোখ।

আরজ করলেন তিনি মহানবীকে, ‘হে আল্লাহর রাসূল, এমন কিছু আপনি আমাকে শিখিয়ে দিন যা আমি সবসময় আমল করতে পারি।

রাসূলুল্লাহ (সাঃ) বললেন, “খালিস অন্তরে (কথা ও কাজে) আল্লাহর ওয়াহদানিয়াত বা একত্ব এবং আমার রিসালাতের সাক্ষ্য দিতে ও আল্লাহর পথে জিহাদ করতে থাকো।

ইকরামা আবেগ-কম্পিত কণ্ঠে বললেন, “ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর কসম, আমি আজ পর্যন্ত যত সম্পদ দাওয়াতে হকের বাধা দানে ব্যয় করেছি, তার চেয়ে দ্বিগুণ এখন আমি আল্লাহর পথে ব্যয় করবো। যত লড়াই আমি হকের বিরুদ্ধে লড়েছি, এখন আল্লাহ্‌র পথে তার দিগুণ জিহাদ করবো।

আল্লাহর রাসূল (সাঃ) আবার দোয়া করলেন ইকরামার জন্যে।

ইকরামা যখন মহানবীর কাছ থেকে ফিরছিলেন, তখন তার দুগণ্ড বেয়ে নামছিল আবিরাম অশ্রুধারা। কি এক স্বর্গীয় নূরের আলোতে তাঁর মুখমণ্ডল দীপ্ত হয়ে উঠেছে। ইকরামার হলো নতুন জন্ম- নতুন এক ইকরামা তিনি।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি তৃতীয় খণ্ড

ইকরামার ওয়াদা পালন

ইসলাম গ্রহণের সময় ইকরামা বিন আবু জাহল বলেছিলেন, ইসলামের বিরুদ্ধে তিনি যত যুদ্ধ করেছেন, যত অর্থ খরচ করেছেন, তার দ্বিগুন তিনি খরচ করবেন ইসলামের জন্যে।

আমৃত্যু কথাটা মনে রেখেছেন ইকরামা বিন আবু জাহল।

হযরত আবু বকর (রাঃ)-এর খিলাফতকালে ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু থেকে শেষ পর্যন্ত ব্যস্ত ছিলেন ইকরামা। এ জন্যে গঠিত ১১টি বাহিনীর একটির সেনাপতি ছিলেন তিনি। ইয়ামামা থেকে জর্ডান, জর্ডান থেকে ইয়েমেন- এই বিস্তৃত অঞ্চলে তিনি যুদ্ধে ব্যস্ত ছিলেন। তাঁর বাহিনীর গোটা খরচ তিনি নিজের অর্থ থেকে ব্যয় করেছেন, বায়তুল মাল থেকে তিনি এক পয়সাও নেননি।

ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ শেষে আমর ইবনুল আসের নেতৃত্বাধীন সিরিয়াগামী বাহিনীতে শামিল হলেন ইকরামা (রাঃ) একজন সেনাধ্যক্ষ হিসেবে।

সিরিয়াগামী বাহিনী সমবেত হয়েছে মদীনার উপকণ্ঠে।

এ বাহিনীর পরিদর্শনে বেরিয়েছেন আমীরুল মুমিনীন হযরত আবু বকর (রাঃ)।

এক তাঁবু তাঁর দৃষ্টিগোচর হলো যার চারদিকে ঘোড়া আর ঘোড়ার মিছিল। আর দেখলেন, বর্শা, তরবারী এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জামের বিশাল স্তূপ সেখানে।

হযরত আবু বকর এলেন সে তাঁবুর কাছে। উঁকি দিলেন ভেতরে। দেখতে পেলেন ইকরামা (রাঃ)-কে।

তিনি জানতে পারলেন, এসব ঘোড়া ও সরঞ্জাম ইকরামা নিজ অর্থে কিনেছেন যুদ্ধের জন্যে।

হযরত আবু বকর (রাঃ) ইকরামাকে সালাম করলেন এবং বললেন, “ইকরামা তুমি এই যুদ্ধাস্ত্র ও সরঞ্জামাদি ক্রয়ের জন্যে বিপুল অর্থ খরচ করেছো। আমি চাই, এর একটা অংশ বায়তুল মাল থেকে তুমি নাও।

ইকরামা (রাঃ) আরজ করলেন, “হে খলিফাতুর রাসূল, আমার নিকট এখনও দুহাজার দিনার নগদ রয়েছে। আমার সম্পদ আমি আল্লাহর রাস্তায় ওয়াক্‌ফ করে দিয়েছি। বায়তুল মালের উপর বোঝা আরোপ করা থেকে আমাকে মাফ করুন।

হযরত আবু বকর (রাঃ) আবেগাপ্লুত হয়ে পড়লেন। দুহাত তুলে তিনি দোয়া করলেন ইকরামার জন্যে

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি তৃতীয় খণ্ড

‘আজ আল্লাহর জন্যে জীবন বিলিয়ে দেবোনা?’

আজনাদাইনের যুদ্ধ শেষ।

দামেশ্‌ক বিজয় সম্পূর্ণ হয়েছে।

মুসলিম বাহিনী জর্ডানের ফাহলে।

ছোট মুসলিম বাহিনী ৮০ হাজার রোমক সৈন্যের মুখোমুখি।

সম্মুখ সমরে ভীত রোমক বাহিনী বীরত্বের বদলে বেছে নিল ষড়যন্ত্রের পথ।

এক অন্ধকার রাত।

রোমক বাহিনী এসে আপতিত হলো মুসলিম বাহিনীর উপর।

ভীষণ যুদ্ধ শুরু হলো।

যুদ্ধ চলল সে রাত এবং পরের গোটা দিন। এক ইকরামা ইবনে আবু জাহল যেন দশ ইকরামায় পরিণত হয়েছেন। যেদিকে তিনি ছুটছেন, লাশের সারি পড়ে যাচ্ছে। যুদ্ধের স্রোত তাকে মূল বাহিনী থেকে কিছুটা বিচ্ছিন্ন করে ফেলেছে। সামনে তাঁর বিরাট এক শত্রু ব্যুহ।

ঢুকে পড়লেন তিনি সে শত্রু ব্যুহে।

তাঁর লক্ষ্য শত্রু নিধন। নিজের প্রতি কোন খেয়াল তাঁর নেই। আঘাতে আঘাতে ক্ষত-বিক্ষত হতে লাগল তাঁর দেহ। সাথীরা চিৎকার করে বলল, “ইকরামা আল্লাহকে ভয় কর। এভাবে নিজেকে ধ্বংসের মধ্যে নিপতিত করো না। আবেগকে বুদ্ধির উপর বিজয়ী হতে দিও না।

ইকরামা তার তরবারী না থামিয়ে চিৎকার করে বলে উঠলেন, “হে লোকেরা, আমি লাত-উজ্জার খাতিরে জীবন নিয়ে ছিনিমিনি খেলতাম। আজ আল্লাহ ও রাসূলের (সাঃ) জন্যে জীবন বিলিয়ে দেবো না? আল্লাহর কসম, তা কখনো হবে না।

রোমক সৈন্যেরা তখন পিছু হটতে শুরু করেছে। যুদ্ধে তাদের শোচনীয় পরাজয় ঘটল। মাত্র কতিপয় সৈন্য ছাড়া গোটা রোমক বাহিনী নিশ্চিহ্ন হয়েছিল ঐ যুদ্ধে। শহীদ হতে চাইলেও এ যুদ্ধেও ইকরামা গাজী হয়ে ফিরলেন।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি তৃতীয় খণ্ড

শাহাদাতের বাইয়াত

ইয়ারমুকের ভয়াবহ রণক্ষেত্র।

রোমক সম্রাটের ২ লাখ সৈন্যের বিশাল বাহিনী অতুল সমর-সম্ভার নিয়ে যুদ্ধক্ষেত্রে সমবেত।

তাদের মুকাবিলায় দাঁড়িয়েছে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ৪০ হাজার সৈন্যের মুসলিম বাহিনী।

দুই পক্ষ থেকেই শুরু হয়েছে মরণপণ যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে বিশাল রোমক বাহিনীর চাপে মুসলিম বাহিনীর ব্যুহগুলো ভেঙে পড়ার উপক্রম হলো।

খোদ সেনাপতির তাঁবু বিপন্ন হয়ে উঠল।

ইকরামা বিন আবু জাহলের হৃদয়ের সব আবেগ যেন উথলে উঠল। নিজের ঘোড়া হাঁকিয়ে অগ্রসর হলেন সামনে এবং উচ্চকণ্ঠে চিৎকার করে উঠলেন, “হে রোমকরা, আমি কোন এক সময় স্বয়ং রাসূলের (সাঃ) বিরুদ্ধে (কুফরী অবস্থায়) লড়াই করেছি। আজ কি তোমাদের মুকাবিলায় আমার কদম পিছু হটতে পারে? আল্লাহর কসম, এমনটি কখনও হবে না।

বলে তিনি পেছনে তাকিয়ে তাঁর বাহিনীর উদ্দেশ্যে বললেন, “এসো, কে আমার হাতে মৃত্যুর বাইয়াত করবে?”

চারজন অগ্রসর হলো তাঁর দিকে। তাঁরা ইকরামার হাতে হাত রেখে শাহাদাতের বাইয়াত গ্রহণ করল। এই চারজনের মধ্যে দুজন ছিল ইকরামার দুই ছেলে। তাঁরা ঝাঁপিয়ে পড়ল খালিদ ইবনে ওয়ালিদের তাঁবু লক্ষ্য করে এগিয়ে আসা রোমক সৈন্যদের উপর।

শুরু হলো তাদের মরণপণ লড়াই।

এক এক করে তাঁরা শহীদ হলেন অথবা গুরুতর আহত হয়ে লড়াই করতে অক্ষম হয়ে পড়লেন। গুরুতর আহত ছিলেন ইকরামার দুই পুত্র।

ছুটে এলেন খালিদ ইবনে ওয়ালিদ।

নিহতের স্তূফে পাওয়া গেল হযরত ইকরামার (রাঃ) লাশ। তাঁর নিঃশ্বাস তখনও ছিল। হযরত খালিদ তাঁর মাথা কোলে তুলে নিলেন। তাঁর মুখে ফোটা ফোটা পানি দিতে দিতে বললেন, “আল্লাহর কসম, ইবনে হানতামার (হযরত উমর ফারুকের) ধারণা সঠিক প্রমাণিত হয়নি। তাঁর ধারণা ছিল যে, বনি মাখজুমীরা শাহাদাত লাভ করতে চায় না।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি তৃতীয় খণ্ড

Saturday, March 14, 2020

একটি বক্তৃতা ও কাব্য প্রতিযোগিতা

মক্কা বিজয় ও হুনাইন যুদ্ধের পর আরবের বিভিন্ন অঞ্চল থেকে মদীনায় প্রতিনিধিদল আসার হিড়িক পড়ে গেল। কেউ এল ইসলাম গ্রহণের জন্যে, কেউ এল মহানবীর সাথে দেখা করে সব বিষয় অবহিত হয়ে সিদ্ধান্ত নেবার লক্ষ্যে। আরবের একটি বড় ও প্রভাবশালী গোত্র বনু তামিম। সে গোত্র থেকে প্রায় ৮০ জনের একটি প্রতিনিধিদল এল মদীনায়।

বনু তামিমের যেমন অর্থ-বিত্ত আছে, তেমনি ভাষা ও কবিত্বের প্রতিভা নিয়ে তারা দারুণ অহংকারী। এ ব্যাপারে গোটা আরবের কাউকেই তারা পাত্তা দেয় না। তারা মনে করে ভাষা ও কবিত্বের প্রতিযোগিতায় তাদের কোন প্রতিদ্বন্দী নেই।

মহানবীর (সাঃ) সাথে আলোচনায় বসার পর তারা মহানবীর (সাঃ) কাছে প্রস্তাব করল, আপনাদের সাথে প্রথমে আমাদের কীর্তিগাথা নিয়ে কাব্য প্রতিযোগিতা হবে। যদি তাতে আপনারা জিতে যান, তাহলে ইসলাম নিয়ে কথা বলব।

উত্তরে মহানবী (সাঃ) বললেন, গর্ব-অহংকার প্রদর্শন এবং কবিতাবাজির জন্যে আমি প্রেরিত হইনি। তবে তোমরা যদি পীড়াপীড়ি কর, তাহলে শুন, এক্ষেত্রেও আমরা দুর্বল ও অসমর্থ নই।

শুরু হলো বক্তৃতা ও কাব্য প্রতিযোগিতা। বনু তামিমের পক্ষ থেকে দাঁড়ালেন তাদের শ্রেষ্ঠ ভাষাশিল্পী ও বাগ্মী আতারফ বিন হাজিব। তিনি তার স্বগোত্রের মান-মর্যাদা, ক্ষমতা-প্রভাব, বংশ-গৌরব, বিত্ত-বৈভব, বীরত্ব ও মেহমানদারী নিয়ে অলঙ্কৃত ভাষায় ওজস্বী বক্তৃতা দিয়ে বিজয়ের গর্ব নিয়ে বসে পড়লেন।

তিনি বসলে মহানবী (সাঃ) তাঁর সাহাবী সাবিত বিন কায়েসকে আতারফের জবাব দিতে নির্দেশ দিলেন।

সাবিত বিন কায়েস দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা কীর্তন, রিসালাত ও দাওয়াতে হকের বর্ণনা, আল-কুরআনের অবতীর্ণ হওয়া এবং মুহাজির ও আনসারদের চরিত্র ও কাজ এমন অলংকারপূর্ণ ভাষায় বাগ্মিতার সাথে বর্ণনা করলেন যে, গোটা মজলিস মন্ত্রমুগ্ধের মত নিশ্চুপ হয়ে গেল।

বক্তৃতা প্রতিযোগিতার পর শুরু হলো কাব্য প্রতিযোগিতা।

বনু তামিমের পক্ষ থেকে দাঁড়ালেন তাদের শ্রেষ্ঠ কবি যবরকান বিন বদর। তিনি তাঁর গোত্রের আকাশস্পর্শী প্রশংসা-সম্বলিত কবিতা পাঠ করলেন।

যবরকান বসলে মহানবী (সাঃ) সাহাবী কবি হাসসান বিন সাবিতকে জবাব দেয়ার জন্যে উঠে দাঁড়াতে বললেন।

হাসসান বিন সাবিত উঠে দাঁড়িয়ে আল্লাহ, তাঁর রাসূল এবং দাওয়াতে হক-এর উপর এমন ছন্দোবদ্ধ এবং মাধুর্যপূর্ণ ও প্রভাবশালী কবিতা পাঠ করলেন যে, যবরকানের কবিতা ম্লান হয়ে গেল।

শেষ হলো প্রতিযোগিতা।

গোটা মজলিস তখন নীরব-নিস্তব্ধ।

উঠে দাঁড়াল বনু তামিম-এর একজন প্রভাবশালী ব্যক্তি। উচ্চকণ্ঠে বললেন তিনি, “পিতার কসম! মুহাম্মাদের (সাঃ) খতিব আমাদের খতিব থেকে আফজাল এবং তাঁর কবি আমাদের কবি থেকে উত্তম। তাঁদের কণ্ঠস্বর আমাদের কণ্ঠস্বর থেকে চিত্তাকর্ষক ও মিষ্টি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কেউ ইবাদাতের যোগ্য নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল।

এই ব্যক্তি কিরাসুল আকরা তামিমী। তিনি বনু তামিম-এর নেতা।

কিরাসুল আকরা থামতেই বনু তামিম প্রতিনিধি দলের সকল সদস্য একবাক্যে বলে উঠলেন, “আপনি সত্য বলেছেন, আপনি সত্য কথা বলেছেন।

অতঃপর বনু তামিমের সকলে মহানবীর হাতে হাত রেখে ইসলাম ধর্মে দীক্ষিত হলেন।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি তৃতীয় খণ্ড

হযরত উমর (রাঃ)-এর কঠোর সিদ্ধান্ত

হযরত আবু বকর (রাঃ)-এর খিলাফতকাল। দুই সাহাবী আকরা বিন হারিস এবং আইনিয়া বিন হাসান আবু বকরের দরবারে হাজির হলেন।

মহানবী (সাঃ) তালিফে কুলূব হিসেবে যাদের সাহায্য করতেন, আকরা তাদের একজন। তারা খলিফা আবু বকরের কাছে জায়গীর’-এর আবেদন জানালেন।

আবু বকরের দরবারে তখন উমর ফারুক (রাঃ) হাজির ছিলেন। তিনি আকরা (রাঃ)-কে উদ্দেশ্য করে বললেন, “রাসূলুল্লাহ (সাঃ) তোমাকে তালিফে কুলূব করতেন। এখন তোমার পরিশ্রম করা উচিত।

আবু বকর (রাঃ) রাসূল (সাঃ)-এর আমলের সকল দান ও উপঢৌকন বহাল রাখেন এবং আকরা ও আইনিয়া হাসানের আবেদন অনুসারে তাদের জমি বরাদ্দের লিখিত নির্দেশ দিলেন।

এর অনেক পরের ঘটনা।

তখন উমর ফারুক (রাঃ)-এর শাসনকাল।

আকরা (রাঃ) এবং আইনিয়া হাসান এলেন তাঁর কাছে এবং আবেদন করলেন আবু বকর (রাঃ) কর্তৃক নির্দেশ বহাল রাখার জন্যে।

উমর (রাঃ) তাদের আবেদন প্রত্যাখ্যান করলেন এবং বললেন, “আল্লাহ ইসলামের বিজয় দিয়েছেন এবং তোমাদের থেকে মুখাপেক্ষীহীন করেছেন। এখন তোমরা (জায়গীর ও উপঢৌকন ছাড়া) ইসলামের উপর মজবুতভাবে দাঁড়িয়ে যাও। নচেৎ আমাদের ও তোমাদের মধ্যে তরবারিই ফায়সালা করবে।

উমর (রাঃ)-এর এই সিদ্ধান্ত কঠোর হলেও তার মধ্যে কোন বিরূপ প্রতিক্রিয়াই হলো না। আকরা (রাঃ) হাসিমুখে ও আন্তরিকতার সাথে এই সিদ্ধান্ত মেনে নিলেন। অতঃপর জিহাদের ময়দান হলো আকরা (রাঃ)-এর স্থান। যুদ্ধরত অবস্থায়ই তিনি শাহাদাত বরণ করেন।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি তৃতীয় খণ্ড

উপযুক্ত খাজনা আদায়কারী

তখন নবম হিজরী সাল।

মহানবী বিভিন্ন অঞ্চলে যাকাত ও খারাজ আদায়কারী নিয়োগ করছেন। যারা গোত্রে গোত্রে ঘুরে যাকাত ও খারাজ আদায় করে মহানবীর বাইতুলমালে জমা দেবেন।

যাকাত ও খারাজ আদায়কারী নিয়োগের লক্ষ্যে মহানবী (সাঃ) ডেকে পাঠালেন খাজরাজ গোত্রের বনু সালেমের নব্য যুবক উবাদাহ বিন সামিতকে।

দীর্ঘদেহী ও দোহারা গড়নের উবাদাহ হাজির হলেন মহানবীর দরবারে।

মহানবী (সাঃ) তাঁকে পদ ও দায়িত্বের কথা বুঝিয়ে বললেন, “নিজের দায়িত্ব পালন-কালে আল্লাহকে ভয় করবে। কিয়ামতের দিন কোন চতুষ্পদ জন্তুও যেন তোমার বিরুদ্ধে কোন ফরিয়াদ নিয়ে না আসে।

শুনে হযরত উবাদাহ (রাঃ) বিন সামিত কেঁদে ফেললেন। বললেন, “ইয়া রাসূলাল্লাহ, আমার পিতা-মাতা আপনার উপর কুরবান হোন। আল্লাহর কসম, দুজন মানুষের শাসক বা রাজস্ব আদায়কারী হওয়ারও ইচ্ছা আমার নেই।

কেউ কোন পদ চাইলে রাসূলুল্লাহ (সাঃ) সেই পদ তাকে দিতেন না।

উবাদাহর কথায় তিনি খুশী হলেন। এই পদের জন্যে তাকেই উপযুক্ত মনে করলেন।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি তৃতীয় খণ্ড

কবিতার বিনিময়ে আল কুরআন

আবু আকিল লাবিদ (রাঃ) বিন রাবিয়াহ আমেরী আরবের জাহেলী যুগের একজন শ্রেষ্ঠ কবি। সেই যুগেও সবচেয়ে সম্মানিত কাবাঘরে যে সাত কবির কবিতা টাঙ্গিয়ে রাখা হতো, তাদের একজন কবি লাবিদ।

কবি লাবিদের কয়েকটি কবিতা মহানবী (সাঃ) খুবই পছন্দ করতেন। সেগুলোর মধ্যে জাহেলী যুগের লিখা হলেও একটা পংক্তি ছিল তাঁর খুবই পছন্দ। যার অনুবাদ-সতর্ক থেকো, আল্লাহ ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে।স্বয়ং মহানবীর উক্তিঃ কবিদের কবিতার মধ্যে লাবিদের এই কবিতা খুবই ভালো।

সেই কবি লাবিদ বদলে গেল ইসলাম গ্রহণের পর। ৯ম হিজরী সালে ১১৩ বছর বয়সে মদীনায় এসে মহানবীর কাছে ইসলাম গ্রহণ করেন তিনি।

ইসলাম গ্রহণের পর আরও ৩২ বছর জীবিত ছিলেন কবি লাবিদ। এই দীর্ঘ সময়ে একটি অথবা দুটি কবিতা লিখেন তিনি।

তখন খলিফা উমর ফারুকের খিলাফতের সময়।

খলিফা একদিন কবি লাবিদকে জিজ্ঞাসা করে পাঠালেন, ‘ইসলামী যুগে তিনি কোন্ কবিতা রচনা করেছেন।

কবি লাবিদ উত্তরে তাঁকে জানালেন, ‘কবিতার বিনিময়ে আল্লাহ তাঁকে সূরা বাকারাহ এবং সূরা আলে-ইমরান প্রদান করেছেন।

অর্থাৎ অপরূপ আল-কুরআন পাবার পর তিনি আর কবিতা রচনার প্রয়োজন অনুভর করেননি।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি তৃতীয় খণ্ড

আকাবার প্রথম বাইয়াত

ইসলাম-পূর্ব জাহেলী যুগ।

মদীনার ছয় যুবক হজ্বে এসেছেন। তখন মদীনার নাম ছিল ইয়াসরিব।

সে যুগেও হজ্ব হতো, কিন্তু জাহেলী রীতি অনুসারে।

মক্কার আকাবা নামক স্থানে তাঁবু গাড়লেন মদীনার সেই যুবকরা।

এই ছয়জন যুবক একদিন গভীর আলোচনায় মশগুল, একজন অতিথি এলেন তাঁবুর দরজায়।

শ্রদ্ধা জাগানো সুন্দর সৌম্য-দর্শন এক অতিথি।

অতিথি সালাম দিলেন যুবকদের উদ্দেশ্যে। তারপর বললেন, ‘আপনারা কি আমার কথা শুনবেন?’

মিষ্টি কণ্ঠস্বর অতিথির।

যুবকরা সমস্বরে বলে উঠলো, ‘অবশ্যই অবশ্যই।

অতিথি ব্যক্তিটি ছিলেন মহানবী (সাঃ)।

তিনি তখন ছয় যুবককে মানুষের জন্যে রাব্বুল আলামিনের খোশখবর শোনালেন, তাওহীদের দাওয়াত গ্রহণের উৎসাহ দিলেন এবং বললেন, ‘আমি আল্লাহর রাসূল। আল্লাহর বান্দাদের পথ প্রদর্শনে নিয়োজিত রয়েছি।

ছয়জন যুবকই মহানবীর কথা গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন। আল্লাহর রাসূলের কথা শেষ হতেই তাঁরা বললেন, ‘আল্লাহর যে কালাম আপনার উপর অবতীর্ণ হয়েছে, তা থেকে আমাদের কিছু শোনান।

মহানবীর পবিত্র কণ্ঠে সূরা ইবরাহিম পাঠ হতে লাগলো। কয়েকটি আয়াত পাঠ হতেই চমৎকৃত হয়ে গেলেন ছয় যুবক। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, “আল্লাহর কসম, এতো সেই নবী যাঁর উল্লেখ সবসময় আমাদের শহরের ইহুদীদের মুখে শোনা যায়। ইসলাম গ্রহণে ইহুদীদের আগে তাদেরই অগ্রসর হওয়া উচিত।

অতঃপর তারা উৎসাহ-উদ্দীপনার সাথে মহানবী (সাঃ)-কে আরজ করলো, ‘হে মুহাম্মাদ (সাঃ), আমরা আপনার দাওয়াত মনে-প্রাণে গ্রহণ করছি এবং সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ এক আপনি তাঁর রাসূল।

এই ঘোষণা দেয়ার পর ছয়জনের মধ্য থেকে ব্যক্তিত্বসম্পন্ন ও সুদর্শন যুবক আবু উসামা আসয়াদ বিন যুরারাহ মহানবীর দিকে অগ্রসর হয়ে বললেন, ‘হে আল্লাহর রাসূল, আপনার হাত সম্প্রসারিত করুন। আমি এই হাতে ইসলামের বাইয়াত করছি।

মহানবী (সাঃ) সানন্দে তাঁর হাত এগিয়ে দিলেন।

প্রথম বাইয়াত করলেন আসয়াদ বিন যুরারাহ। তারপর তাঁর সাথী পাঁচজন যুবক।

তাঁরা হলেন মদীনার প্রথম মুসলমান।

এইভাবেই এই উদ্যমী যুবকদের মাধ্যমে ইসলামের আলো প্রথম প্রবেশ করে ইয়াসরিব বা মদীনায়।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি তৃতীয় খণ্ড

আল কুরআনের যাদু-স্পর্শ

মদীনায় ইসলামের আলো প্রবেশের পর মহানবীর পক্ষ থেকে সেখানে মুসআব ইবনে উমায়েরকে পাঠানো হলো ইসলামের শিক্ষক হিসেবে।

মুসআব শিক্ষাদান ও ইসলামের দাওয়াতের কাজে নিজেকে উৎসর্গ করলেন।

একদিন তিনি মদীনার বনি জাফর ও বনি আশহাল-এর পল্লীতে গেলেন। তার সাথে ছিলেন বিখ্যাত খাজরাজ গোত্রের বনু নাজ্জারের বিখ্যাত ব্যক্তি আসয়াদ ইবনে যুরারাহ।

তারা দুজন বনু জাফরের একটা কূপের উপর গিয়ে বসলেন।

বনু আশহালের সর্দার সাআদ বিন মুয়াজকে কেউ গিয়ে কথাটা লাগিয়ে দিলো যে, মুসলমানরা মহল্লায় এসে মানুষকে প্ররোচিত করছে।

কথাটা শুনে ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি। অস্ত্র-সজ্জিত হয়ে যাত্রা করলেন সেই কূপের দিকে।

পথিমধ্যে তিনি খবর পেলেন, মুসআবের সাথে তার খালাতো ভাই আসয়াদ ইবনে যুরারাহ রয়েছেন। থমকে গেলেন তিনি। তাঁর চাচাতো ভাই উসায়েদ বিন হুজায়েরকে বললেন, আসয়াদ না থাকলে আমিই যেতাম। তুমি গিয়ে ওদের বলে এসো, মানুষকে নষ্ট করার জন্যে ওরা আমাদের মহল্লায় যেন আর না আসে।

উসায়েদ দুরন্ত এক সাহসী যুবক।

ভয়াবহ এক বর্শা নিয়ে ছুটলেন বনু জাফরের সেই কূপের উদ্দেশ্যে।

উসায়েদকে এইভাবে আসতে দেখে আসয়াদ ইবনে যুরারাহ মুসআবকে বললেন, ‘এই উসায়েদ আওস গোত্রের দুই প্রধানের একজন। তার কাছে আপনাকে উপযুক্ত দাওয়াত পৌঁছাতে হবে।

তাকে একটু বসতে দাও, আমি কথা বলবো।বললেন মুসআব।

উসায়েদ এসেই ক্রুদ্ধ কণ্ঠে মুসআবকে বলতে শুরু করলো, ‘তুমি এসেছো দুর্বল লোকদের বোকা বানাবার জন্যে। জীবনের মায়া থাকলে এখনি চলে যাও। আর এদিকে আসবে না।

মুসআব উসায়েদের কর্কশ ও দ্রুতকণ্ঠের জবাবে নরম ও মমতাভরা কণ্ঠে বললেন, ‘প্রিয় ভাই, আমার কথা শুনুন। পছন্দ হলে গ্রহণ করবেন, না হয় বর্জন করবেন।

মুসআবের নরম ও মমতাভরা কণ্ঠে উসায়েদের রাগ অকেনখানি পড়ে গেলো। বললো, ‘তুমি যুক্তির কথা বলেছো। কি বলতে চাও বলো।

মুসআব অত্যন্ত হৃদয়গ্রাহী কণ্ঠে ইসলামের মূল শিক্ষা তুলে ধরলেন এবং পাঠ করলেন আল-কুরআনের কিছু আয়াত।

উসায়েদের রাগ তখন পড়ে গেছে।

শান্ত হয়েছে সে।

মুসআব থামতেই উসায়েদের মুগ্ধ কণ্ঠ বলে উঠলো, “এসব কতই না ভালো জীবনের কথা। কতই না সুন্দর কালাম ওগুলো। তোমাদের ধর্মে প্রবেশের জন্যে কি করতে হয়?”

মুসআব ও আসয়াদ খুশী হয়ে তাকে জানালেন ইসলাম গ্রহণের জন্যে কি করতে হয়।

গোসল করে পবিত্র কাপড় পরে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলো উসায়েদ।

ফিরে যাবার সময় উসায়েদ মুসআবকে বললেন, আমি গিয়ে কৌশলে সাআদ বিন মুয়াজকে পাঠাচ্ছি।

উসায়েদকে পাঠিয়ে তার ফেরার জন্য অপেক্ষা করছিলেন সাদ বিন মুয়াজ। উসায়েদ ফিরলে তার মুখের দিকে তাকিয়ে সাআদ বললেন, ‘তোমাকে অন্য রকমের দেখাচ্ছে। বল কি করে এলে?’

উসায়েদ বললেন, তাদের কথা শুনলাম, ভয়ের কিছুই পেলাম না।

বলে একটু থেমে আবার শুরু করলেন, ‘একটা কথা শুনে এলাম, বনি হারেছার লোকেরা নাকি আসয়াদ ইবনে যুরারাকে হত্যা করার জন্যে বের হয়েছে। আপনার খালাত ভাইকে হত্যা করে আপনার বেইজ্জতি করাই তাদের লক্ষ্য।

শুনে সাআদ রেগে আগুন হয়ে গেল। বর্শা হাতে ছুটলেন বনি জাফরের সেই কূপের দিকে।

কূপের নিকটবর্তী হয়ে আসয়াদ বিন যুরারাহ মুসআবকে জানালেন, ‘যিনি আসছেন সেই সাআদ বিন মুয়াজ তার গোত্রের শীর্ষ ব্যক্তি। তিনি ইসলামে দাখিল হলে গোটা গোত্র তাকে অনুসরণ করবে।

সাআদ ইবনে মুয়াজ কূপের ধারে এলেন। বনি হারেছার কাউকে কোথাও দেখলেন না। আর নিশ্চিন্তে বসে থাকতে দেখলেন আসয়াদকে। উসায়েদের কথাকে এখন তাঁর এক চাল বলে মনে হলো। ক্রুদ্ধ হলেন তিনিবললেন তিনি আসয়াদকে, “আবু উসামা, আল্লাহর কসম, তোমার মাঝে আমার আত্মীয়ের সম্পর্ক না থাকলে তুমি কিছুতেই আমার মহল্লায় খারাপ কথা ছড়াবার সাহস পেতে না।

আসয়াদ (রাঃ) সাআদ বিন মুয়াজের মত ক্রুদ্ধ হলেন না। মিষ্টি হাসলেন শুধু। কোন কথা বললেন না। কথা বললেন মুসআব। মধুর কণ্ঠে সাআদকে লক্ষ্য করে বললেন, ‘প্রিয় ভাই, আপনি আমাদের কথা একটু শুনুন। আপনার খারাপ মনে হবে এমন কথা বলবো না। পছন্দ না হলে আমরা চলে যাব।

সাআদ বিন মুয়াজ বললেন, ‘বড় কায়দা করে কথাগুলো বললে।

বলে সাআদ বর্শা মাটিতে গেড়ে বসে পড়লেন। বুঝা গেল শুনতে চান তিনি।

মুসআব হৃদয়গ্রাহী ভাষায় ইসলামের শিক্ষা ও সৌন্দর্যের বর্ণনা দিলেন এবং সূরা যুখরুফ বা হামিম থেকে কিছু আয়াত পড়ে শোনালেন।

পবিত্র কুরআনের পাঠ শুরু হতেই সাআদ এর কঠিন মুখ সহজ হয়ে এল, ভরে গেল হাসি-খুশীতে।

মুসআব কুরআন তেলাওয়াত শেষ করতেই উসায়েদ যা বলেছিল, সাআদও তাই বললেন। জানতে চাইলেন ইসলাম গ্রহণের নিয়ম-কানুন।

ঠিক উসায়েদের মতই সাআদ ইবনে মুয়াজ গোসল করে পবিত্র কাপড় পরে কালেমা পাঠ করে ইসলামে দাখিল হয়ে গেলেন।

সাআদ বিন মুয়াজ ইসলাম গ্রহণের সাথে গোটা বনু আশহাল গোত্র ইসলাম গ্রহণ করল।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি তৃতীয় খণ্ড

দুনিয়াটা আপনাদের মত বুজুর্গের কারণে টিকে আছে

তখন উমর ফারুক (রাঃ)-এর খিলাফতকাল।

উবাদাহ বিন সামিত তখন ফিলিস্তিনীদের কাজী। আর মুয়াবিয়া (রাঃ) সেই ফিলিস্তিনের গভর্নর।

উবাদাহ (রাঃ) অন্যায়-অসংগতি তা যত ছোটই হোক, তার কাছে নতি শিকার করতো না।

এই উবাদাহ (রাঃ)-এর সাথে একদিন কথা কাটাকাটি হয়ে গেল মুয়াবিয়ার (রাঃ)। গভর্নর মুয়াবিয়া তাকে কিছু কঠোর কথা শোনালেন।

হযরত উবাদা (রাঃ) তা সহ্য করলেন না। ফিলিস্তিন ছেড়ে চলে এলেন মদীনায়। আসার সময় মুয়াবিয়া (রাঃ)-কে বললেন, ‘ভবিষ্যতে আপনি যেখানে থাকবেন, আমি সেখানে থাকবো না।

মদীনায় ফিরে এলে খলিফা উমর (রাঃ) তাঁকে এর কারণ জিজ্ঞাসা করলেন। বললেন সব কথা উবাদাহ (রাঃ)।

সব শোনার পর খলিফা উমর (রাঃ) বললেন, “আমি আপনাকে কোনক্রমেই সেখান থেকে সরিয়ে আনবো না। দুনিয়াটা আপনাদের মত বুজুর্গের কারণেই টিকে আছে। যেখানে আপনাদের মত লোক থাকবে না, আল্লাহ সেই জমিনকে খারাপ ও ধ্বংস করে দেবেন। আপনি আপনার স্থানে ফিরে যান। আমি আপনাকে মুয়াবিয়ার (রাঃ) অধীনতা থেকে পৃথক করে দিলাম।

খলিফা উমর (রাঃ) অনুরূপভাবে গভর্নর মুয়াবিয়াকেও লিখে পাঠালেন।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি তৃতীয় খণ্ড

উবাদার (রাঃ) সত্যনিষ্ঠা

তখন উসমান (রাঃ)-এর খিলাফত। হযরত মুয়াবিয়া তখন সমগ্র সিরিয়ার গভর্নর। উবাদাহ ইবনে সামিত তাঁর অধীনে একজন শাসক। উবাদাহ (রাঃ) সেই লোক যিনি সত্য কথা, উচিত কথা যখন বলেন, তখন কোথায় কার কাছে বলছেন তার পরোয়া করেন না।

তাঁর বিরোধ বাধল মুয়াবিয়া (রাঃ)-এর সাথে। মুয়াবিয়া (রাঃ) খলিফা উসমান (রাঃ) কে লিখলেন, “উবাদাহ বিন সামিতের কথা ও ভাষণ জনগণকে উত্তেজিত করে এবং বিশৃঙ্খল করে তোলে। তাঁকে সিরিয়া থেকে প্রত্যাহার করে নিন। তা না হলে আমি সিরিয়ার শাসন কাজ পরিত্যাগ করব।

উসমান (রাঃ) উবাদাহ ইবনে সামিতকে মদীনায় ডেকে পাঠালেন।

তিনি এলেন খলিফা উসমান (রাঃ)-এর দরবারে। দরবারে তখন অনেক লোক। উবাদাহ (রাঃ) এক কোনায় চুপ করে বসে পড়লেন। উবাদাহ (রাঃ)-কে দেখতে পেয়েই উসমান (রাঃ) তাঁকে জিজ্ঞাসা করলেন, “বলুন তো কি ঘটনা।

স্পষ্টবাদী উবাদাহ (রাঃ) উঠে দাঁড়ালেন। সত্য প্রকাশের অসীম আবেগে তিনি উদ্দীপ্ত। দরবারের সমাবেশকে লক্ষ্য করে তিনি বললেন, “হে মানুষেরা, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, আমার পর আমীরেরা সৎকে অসৎ এবং অসৎকে সৎ-এ পরিবর্তন করবে। অবৈধ কাজকে বৈধ মনে করতে থাকবে। কিন্তু গুনাহর কাজে কারও আনুগত্য জায়েয নয়। তোমরা অবশ্যই অসৎ কাজ থেকে দূরে থাকবে।

আবু হুরাইরা (রাঃ) উবাদাহ (রাঃ)-এর বক্তব্যে কিছু বাধা দিতে চাইলেন।

উবাদাহ ইবনে সামিত সঙ্গে সঙ্গে বলে উঠলেন, “আমরা যে সময় রাসূলুল্লাহর (সাঃ) হাতে বাইয়াত (নবুয়তের ত্রয়োদশ বছরে বাইয়াতে আকাবায় এ বাইয়াত সংঘটিত হয়) করেছিলাম, তখন আপনি সেখানে ছিলেন না। আমাদের বাইয়াতের শর্ত ছিল যে, লোকদের কাছে ভাল কথা পৌঁছাতে থাকবো, খারাপ কথা থেকে বিরত রাখবো। কখনো কারো ভয়ে ভীত হবো না।…..এই বাইয়াত মহানবীর সাথে হয়েছিল। ওয়াদা পূরণ আমাদের অবশ্যকর্তব্য কাজ।

উবাদার (রাঃ) এই কথার পর কারও কোন কথা আর থাকতে পারে না। আর কেউ কোন কথা বলতে সাহস করলো না।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি তৃতীয় খণ্ড