Sunday, May 31, 2020

বিশ্বজয়ী মানবতা

মক্কার আবু জাহল ইসলামের প্রধানতম বৈরী ছিলো। বদর যুদ্ধে সে নিহত না হওয়া পর্যন্ত মহানবী (সাঃ) ও ইসলামের বিরুদ্ধে অবিরাম শত্রুতা করে গেছে।

আবু জাহলের পুত্র ইকরামাও তার পিতার মতই ইসলামের বৈরী ছিলো। বিভিন্ন যুদ্ধে তিনি ইসলামের বিরুদ্ধে খুবই সক্রিয় ভূমিকা পালন করেছেন। এমন কি মহানবী (সাঃ)-এর মক্কা প্রবেশের সময় যখন কুরাইশদের অস্ত্র হাতে না নেয়ার কথা, তখন ইকরামার নেতৃত্বেই কুরাইশদের একটা দল হত্যা করে দুজন মুসলিম সৈনিককে।

সেই ইকরামা মক্কা বিজয়ের পর ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন।

মক্কা বিজয়ের পর তখনও মহানবী (সাঃ) মক্কায়। একদিন ইকরামা ইবনে আবু জাহল মহানবীর কাছে এলেন। বললেন অভিমান-ক্ষুব্ধ কণ্ঠে, ‘ইয়া রাসূলাল্লাহ, মুসলমানরা আমার পিতাকে গালাগালি দিয়ে থাকে।

খবরটা মহানবী (সাঃ)-কে খুবই বেদনা দিল। তিনি মুসলমানদের এক সামাবেশে সকলকে সম্বোধন করে বললেন, মৃতদের গালাগালি দিয়ে জীবিতদের যন্ত্রণা দিও না। মৃতরা তাদের কর্মফল নিয়ে চলে গেছে। তাদের গালি দেয়া অনুচিত। উচিত মৃত ব্যক্তিদের জীবনের মন্দ দিকটা বাদ দিয়ে কেবল তাদের ভাল দিকটা আলোচনা করা।

ইসলামের এই সভ্যতা, শত্রু-মিত্র নির্বিশেষে ইসলামের এই মানবতা এবং ইসলামের এই সৌন্দর্যই মানুষের হৃদয় জয়ের মাধ্যমে বিশ্বজয় করেছিল।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি [তৃতীয় খণ্ড]

‘ফাতহুম্‌ মুবিন’

মক্কা নগরী মুক্ত হয়েছে।

কাবা ঘরকে মূর্তির ও পূজার হাত থেকে মুক্ত করা হয়েছে।

মুসলমনরা মুক্ত আল্লাহর ঘর কাবায় প্রাণভরে একদিন একরাত তাওয়াফ করেছে।

কিন্তু নামায তখনও হয়নি, আযান তখনও উত্থিত হয়নি কাবায় মক্কার আকাশে। মক্কা জয়ের পর দ্বিতীয় দিন নামাযের সময় হলে মহানবী (সাঃ) বেলালকে আযান দিতে বললেন।

আদেশমাত্র বেলাল কাবার একটি উচ্চস্থানে উঠে আযান দিতে শুরু করলেন। কত শতাব্দী পর কে জানে মক্কায় এই প্রথম আযান। মক্কার আকাশে-বাতাসে, প্রতিটি পাহাড় এবং পাথরে পাথরে সে আযান প্রতিধ্বনিত হলো। অভূতপূর্ব আবেগে শিহরিত মুসলমানদের প্রতিটি কণ্ঠ বেলালের প্রথম তাকবির ধ্বনির সঙ্গে সঙ্গেই একযোগে তাকবির দিয়ে উঠলো।

বেলালের আযান এবং সম্মিলিত তাকবির ধ্বনি কিয়ামতকাল পর্যন্ত এক নতুন পৃথিবীর আগমনি সঙ্গীত হিসেবে যেন প্রতিভাত হলো।

স্বাধীন সক্কায় প্রথম নামায অনুষ্ঠিত হলো।

নামায শেষ হয়েছে।

মহানবী (সাঃ) উঠে দাঁড়ালেন।

সারিবদ্ধ মুসলমানরা বসে। তাদের সকলের চোখ মহানবীর মুখে নিবদ্ধ।

কুরাইশদের আবাল-বৃদ্ধ-বনিতা সকলে সমবেত হয়েছে মহানবী (সাঃ) কি ঘোষণা দেন তা শোনার জন্যে। মহানবী (সাঃ) যুদ্ধকালীন সময়ে তাদের নিরাপত্তা দিয়েছেন, এখন যুদ্ধ-পরবর্তী সময়ে পরাজিত মক্কাবাসীদের জন্যে কি ব্যবস্থা তিনি দেন তা শোনার জন্যে তারা উদগ্রীব। তাদের সকলেরই অন্তর কাঁপছে অজানা সব আশংকায়। মক্কার জীবনে মহানবীকে এমন কষ্ট নেই যা তারা দেয়নি। তারপর মদীনা গেলে সেখানেও মক্কাবাসীরা একের পর অভিযান পাঠিয়েছে মহানবীসহ মুসলমানদের ধ্বংস করার জন্যে। সেই মহানবী আজ বিজয়ী। মক্কাবাসীদের সম্পর্কে তিনি কি ব্যবস্থা নেবেন?

মহানবী (সাঃ) তাঁর ভাষণ শুরু করলেন।

জনমন্ডলীকে সম্বোধন করে বললেন তিনিঃ

আল্লাহর শোকর যিনি নিজের ওয়াদা পূর্ণ করেছেন, যিনি নিজের দাসকে সাহায্য করেছেন এবং একাকী শত্রুদের যিনি পরাভূত করেছেন।

(১) সকলে শ্রবণ কর! অন্ধকার যুগের সমস্ত অহংকার-তা অর্থগত হোক আর শোণিতগত হোক-সমস্তই আমার এই যুগল পদতলে দলিত, মথিত ও চিরকালের তরে রহিত হয়ে গেল।

(২) অতঃপর যদি কেউ কোন ব্যক্তিকে ইচ্ছাপূর্বক হত্যা করে, তাহলে সেটা তার ব্যক্তিগত অপরাধ বলে গণ্য হবে এবং সে জন্য তাঁকে প্রাণদন্ডে দন্ডিত করা হবে। ভ্রমজনিত নরহত্যার জন্য নিহত ব্যাক্তির উত্তরাধিকারীগণকে একশত উষ্ট্র ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা হলো। এটাও তার ব্যক্তিগত অপরাধ বলে গণ্য হবে।

(৩) হে কুরাইশ জাতি। মূর্খতা যুগের অহমিকা এবং কৌলিন্যের গর্ব আল্লাহ আমাদের থেকে দূর করে দিয়েছেন। মানুষ সমস্তই আদম হতে আর আদম মাটি হতে তৈরী হয়েছে। সকলে শ্রবণ কর, আল্লাহ বলছেনঃ হে মানব! আমি তোমাদের সকলকেই (একই উপকরণে) স্ত্রী-পুরুষ হতে সমুৎপন্ন করেছি এবং তোমাদেরকে একমাত্র এই জন্য বিভিন্ন শাখা ও বিভিন্ন গোত্রে (বিভক্ত) করেছি যে, তা দ্বারা তোমরা পরস্পরের নিকট পরিচিত হতে পারবে (অহংকার ও অত্যাচার করার জন্য নয়)। নিশ্চয় জেনো যে, তোমাদের মধ্যে যে ব্যক্তি অধিক সংযমশীল (পরহেযগার), আল্লাহর নিকট সে-ই অধিক মহৎ। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ ও সর্বদশী।

সকল মানুষই আদম হতে পয়দা হয়েছে। সুতরাং আদমের সন্তানগণ পরস্পর পরস্পরের ভাই এবং তারা সকলেই সমান। এরপর এও বলে দেয়া হচ্ছে যে, আদম মাটি থেকে সৃষ্ট। সুতরাং মানুষকেও মাটির মত সর্বসহ, সর্বপালক ও অহংকারশূন্য হওয়া চাই।

(৪) সকল প্রকার মদ ও মাদক দ্রব্যের ক্রয়-বিক্রয়, মুসলমান-অমুসমান সকলের পক্ষে নিষিদ্ধ।

এই সাধারণ ঘোষণা দেয়ার পর মহানবী (সাঃ) কুরাইশদের প্রতি দৃষ্টিপাত করলেন। সাধারণভাবে তাদের সকলকে সম্বোধন করে বললেন, হে কুরাইশ জাতি, হে মক্কার অধিবাসীবৃন্দ! তোমাদের প্রতি কেমন ব্যবহার করবো বলে মনে করছো?

মহানবী (সাঃ) থামতেই সমাবেশের চারদিক থেকে শতকণ্ঠে উচ্চারিত হলোঃ আমরা কল্যাণের আশা করছি। হে আমাদের মহিমাময় ভ্রাতা, হে আমাদের ভ্রাতুষ্পুত্র, তুমি আজ বিজয়ী। তুমি আজ দণ্ডদানে সমর্থ। যদিও আমরা অপরাধী তবুও তোমার কাছে সদয় ব্যবহার পাবার প্রত্যাশী।

তাদের কণ্ঠ থামলে মহানবী (সাঃ) গুরু-গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন, “আজ তোমাদের প্রতি কোনই অভিযোগ নেই। আল্লাহ্ তোমাদের ক্ষমা করুন, তিনি দয়াময়। তোমরা সকলে মুক্ত, সকলে স্বাধীন।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি [তৃতীয় খণ্ড]

কত মূল্য মানুষের!

মক্কার আশে-পাশের অনেক বেদুইন গোত্র আগে থেকেই কুরাইশদের বাড়াবাড়ির কারণে তাদের উপর বিক্ষুব্ধ ছিল এবং সহানুভূতিশীল হয়ে উঠেছিল মুসলমানদের প্রতি। মুসলমানদের মক্কা বিজয়ের মাধ্যমে কুরাইশদের দর্প চূর্ণ হবার পর এই বেদুইন গোত্রগুলো ইসলামের আরও কাছাকাছি হয়ে পড়েছিল।

মক্কা বিজয় পরবর্তী তাৎক্ষনিক কাজগুলো সম্পন্ন হবার পর মহানবী (সাঃ) তার সাহাবীদের ছোট ছোট দলে বিভক্ত করে পাঠালেন বেদুইন গোত্রগুলোর কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবার জন্যে। অস্ত্র ব্যবহার ও যুদ্ধ করার অনুমতি এই দলগুলোর প্রতি ছিল না।

হঠাৎ মহানবী (সাঃ)-এর কাছে খবর এল যে, বনি যাজিমা গোত্রের কয়েকজনকে খালিদ বিন ওয়ালিদের দল হত্যা করে ফেলেছে।

এই খবর শোনামাত্র মহানবী (সাঃ) ব্যাকুলভাবে উচ্চস্বরে বলে উঠলেন, ‘হে আল্লাহ, তুমি জান, খালিদের এই কাজের সাথে আমার বিন্দুমাত্রও সম্পর্ক নেই।

সংগে সংগেই মহানবী (সাঃ) বিষয়টার তদন্ত করলেন। তদন্তে পরিষ্কার হলো যে, আবদুল্লাহ ইবনে হুজাইফার বলার দোষে হোক, অথবা নিজের শুনার ভুলের কারণে হোক, খালিদ একটা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে ঐ অন্যায় কাজে লিপ্ত হয়েছিলেন।

বনি যাজিমার লোকরাও জেনে আনন্দিত হলো যে, খালিদের কাজের সাথে মহানবীর (সাঃ) কোন প্রকার সম্বন্ধ বা সহানুভূতি নেই। তারা আরও বুঝতে পারলো যে, খালিদ ভুলক্রমেই যুদ্ধাদেশ প্রদান করেছিলেন।

এসব জেনে বনি যাজিমার লোকরা আশ্বস্ত হলো এবং তাদের মনের বিরূপতাও মিটে গেল।

ওদিকে তদন্ত শেষে মহানবী (সাঃ) হযরত আলী (রাঃ)-কে প্রচুর অর্থসহ বনি যাজিমার কাছে প্রেরণ করলেন তাদের ক্ষতিপূরণ দেয়ার জন্যে।

বনি যাজিমার লোকেরা দারুণ বিস্মিত হলো ক্ষতিপূরণ দেয়ার জন্যে হযরত আলীকে আসতে দেখে। যেহেতু হত্যাকাণ্ড ইচ্ছাকৃত নয়, ভুলক্রমে তা সংঘটিত হয়েছে, তাই ক্ষতিপূরণ নেবার কোন চিন্তাও তাদের মনে উদয় হয়নি।

হযরত আলী (রাঃ) মহানবী (সাঃ)-এর প্রতিনিধি হিসেবে বনি যাজিমার ক্ষতিপূরণ পরিশোধ করলেন। নিয়ম অনু্যায়ী রক্তপণ বাবদ যে অর্থ বনি যাজিমার প্রাপ্য হতে পারে, তার চেয়ে অনেক বেশী অর্থ হযরত আলী তাদের দিলেন।

বনি যাজিমার কাছে এ এক অকল্পনীয় দৃশ্য, অভাবনীয় এক ঘটনা। যারা আজ বিজয়ী সেই শক্তি তাদের মত এক ক্ষুদ্র গোত্রের কাছে অপরাধ না হওয়া সত্ত্বেও অপরাধ স্বীকার করে এভাবে তার ক্ষতিপূরণ দিচ্ছে।

বনি যাজিমা পল্লীতে তখন জয়-জয়কার পড়ে গেল মহানবী (সাঃ) এবং ইসলামের নামে।

ওদিকে মহানবীর কাছে হযরত আলী যখন ফিরে গেলেন ক্ষতিপূরণ শেষে এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ, ওদের যা প্রাপ্য তার চেয়ে ওদের বেশী দিয়ে ফেলেছি। মহানবী আনন্দিত কণ্ঠে বললেন, ‘ভাল করেছ, বেশ করেছ।

তারপর মহানবী (সাঃ) তার দুই হাত উপরে তুলে উচ্চকণ্ঠে আবার বললেন, ‘আল্লাহ, তুমি জান। খালিদের কাজের সাথে আমার কোন সম্বন্ধ নেই, আমি নিরপরাধ।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি [তৃতীয় খণ্ড]

Thursday, May 14, 2020

মহানবীর কণ্ঠস্বরে কেঁপে উঠলেন উসামা

মক্কা বিজয়ের পর মহানবী (সাঃ) তখনও মক্কায়। এ সময় কুরাইশ গোত্রের একজন সম্মানিতা মহিলা চুরির অপরাধে ধরা পড়ল।

কুরাইশ বংশের সম্ভ্রান্ত লোকরা তাকে এই অভিযোগ থেকে বাঁচাবার চেষ্টা করল। কিন্তু তারা যখন দেখল কোনভাবেই তাকে নিরপরাধী প্রমাণের উপায় নেই, তখন তারা একযোগে উসামাকে গিয়ে ধরল।

উসামা হযরতের খুবই প্রিয়পাত্র। সকলেই দেখেছে, মক্কা বিজয়ের দিন মহানবী (সাঃ) উসামাকে নিজ উটে নিজের পাশে বসিয়ে মক্কা প্রবেশ করেছিলেন।

সকলে উসামাকে অনুরোধ করল, আপনি নবীর কাছে সুপারিশ করুন যেন স্ত্রী-লোকটিকে বিনাদণ্ডে মুক্তি দেয়া হয়।

কুরাইশ সরদারদের অনুরোধে উসামা সুপারিশ করতে রাজি হলেন।

খুশী হলো কুরাইশরা। তারা নিশ্চিত যে, এমন প্রিয়জনের অনুরোধের প্রতি নবী কখনই উপেক্ষা প্রদর্শন করতে পারবেন না।

যথাসময়ে উসামা মহানবী (সাঃ)-এর দরবারে উপস্থিত হলেন এবং অভিযুক্ত স্ত্রীলোকটির জন্য মহানবীর স্বগোত্রীয় সম্ভ্রান্তদের অনুরোধের কথা জানালেন।

উসামার কথা শুনামাত্র মহানবী (সাঃ)-এর চেহারায় ভাবান্তর দেখা দিল। উসামাকে লক্ষ্য করে গম্ভীর কণ্ঠে তিনি বললেন, ‘উসামা, তুমি কি আল্লাহর নির্ধারিত দণ্ডের ব্যতিক্রম করার জন্যে আমাকে অনুরোধ করতে এসেছ?’

মহানবী (সাঃ)-এর কথা ও গম্ভীর কণ্ঠস্বর শুনে উসামা কেঁপে উঠলেন। তার ভুল বুঝতে পারলেন উসামা। নিজের অপরাধের কথা ভেবে তিনি দিশেহারা হয়ে পড়লেন। বললেন, ‘হে আল্লাহর রাসূল, আমাকে ক্ষমা করুন।

মহানবীর বিচার-নীতির আর একটি ঘটনা।

উপরোক্ত ঘটনার পরবর্তি অপরাহ্ন।

মহানবী (সাঃ)-কে ঘিরে অনেক লোক উপস্থিত।

এক সময় মহানবী (সাঃ) তাদেরকে কিছু বলার জন্য দাঁড়ালেন।

প্রথমে আল্লাহ রব্বুল আলামীনের প্রশংসার পর তিনি সকলকে সম্বোধন করে বললেন, “তোমরা নিশ্চিত জেনে রেখ, তোমাদের আগের অনেক জাতি ধ্বংস হয়েছে বিচার-ক্ষেত্রে তাদের নিরপেক্ষতার অভাবের কারণে। তখন বিচারের সময় জাতি-কুল ও ধন-সম্পত্তির তারতম্য অনুসারে অপরাধীদের দণ্ড ভিন্ন ভিন্ন রকমের হতো। মানী ও ধনীদের অপরাধ উপেক্ষা করা হতো এবং দরিদ্র ও দুর্বলদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হতো। সকলে জেনে রাখ, এটা ইসলামের আদর্শ নয়, ইসলাম এই পক্ষপাত সহ্য করে না। আল্লাহর কসম, আমার কন্যা ফাতিমাও যদি অপরাধে লিপ্ত হতো, তাহলে তাকেও নির্ধারিত দণ্ডদানে আমি একবিন্দুও কুণ্ঠিত হতাম না।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি [তৃতীয় খণ্ড]

Wednesday, May 13, 2020

‘আনান্নাবী লা কাজেব’

হুনাইনের যুদ্ধ।

ওহোদ যুদ্ধের মতোই এক বিপর্যয়কর পরিস্থিতি। ছড়ানো-ছিটানো বিশাল রণাঙ্গনের এক স্থানে মহানবী তাঁর শ্বেত অশ্বের উপর বসে।

মুসলিম পতাকাগুলো ভূলুণ্ঠিত। মুসলিম বাহিনী সম্পূর্ণ বিশৃংখল হয়ে পড়েছে। ওহোদ যুদ্ধে বিপর্যয় হয়েছিল মহানবীর যুদ্ধ-সংক্রান্ত একটা আদেশ থেকে সরে আসার কারণে। আর হুনাইন যুদ্ধে বিপর্যয়ের কারণ কারো কারো মধ্যে সংখ্যাধিক্যের উপর নির্ভরতা এবং মুসলিম সেনাদলের অংশ হিসেবে আসা পৌত্তলিক সৈন্যদল ও সদ্য ইসলাম গ্রহণকারী মুসলমানদের অতি উৎসাহ ও অপরিণামদর্শিতা এবং তাদের কারো কারো ষড়যন্ত্রও।

হুনাইন যুদ্ধের দুটি বড় বৈশিষ্ট্য ছিল। এক. এ যুদ্ধে মুসলিম পক্ষের সৈন্য সংখ্যা ছিল বার হাজার, যা তখন পর্যন্ত সংঘটিত যুদ্ধের মধ্যে সর্বোচ্চ (বদরে সৈন্য সংখ্যা ছিল ৩১৩, ওহোদ যুদ্ধে এক হাজার এবং খন্দক যুদ্ধে তিন হাজার)। দুই. এই যুদ্ধে প্রায় দুই হাজার পৌত্তলিক সৈন্য মুসলমানদের পক্ষে যোগদান করে।

এ যুদ্ধে মুসলমানদের প্রতিপক্ষ ছিল আরবের সুদক্ষ ও সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ যোদ্ধা হিসেবে পরিচিত হাওয়াজিন, সাকিফ এবং তাদের মিত্র গোত্রসমূহের বিশাল বাহিনী।

হুনাইন প্রান্তরে আগে থেকেই হাওয়াজিন ও সাকিফরা সুকৌশলে সৈন্য মোতায়েন করে ওৎ পেতে ছিল।

মুসলিম বাহিনীর অগ্রভাগে ছিল পৌত্তলিক সৈন্য ও নব্য মুসলমানরা। তাদের উৎসাহ-আস্ফালন যতটা আকাশস্পর্শী ছিল, তার স্থায়িত্ব ততটাই ছিল পাতালস্পর্শী।

অগ্রভাগে থাকার কারণে হাওয়াজিন ও সাকিফদের পরিকল্পিত প্রচণ্ড ও অব্যাহত আক্রমণ তাদের উপর প্রথম আসে। আক্রান্ত হয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য অবস্থায় তারা পালাতে শুরু করে। ভয়ানক বিশৃংখল পরিবেশের সৃষ্টি হয়। শুরুতেই ভেঙে পড়ে মুসলিম বাহিনীর গোটা শৃংখলা। এই শৃংখলা আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

এই ভয়াবহ পরিস্থিতিতে মহানবী (সাঃ) স্থিরভাবে বসেছিলেন তাঁর ঘোড়ার পিঠে। হযরত আব্বাস (রাঃ) দাঁড়িয়েছিলেন ঘোড়ার লাগাম ধরে, আর আবু সুফিয়ান ধরেছিলেন ঘোড়ার রেকাব। আশেপাশে ছিল দুতিনজন মাত্র মুসলিম সৈনিক।

মহানবী (সাঃ)-কে একা দেখে ছুটে আসছে শত্রু-বাহিনী মহা সোরগোল তুলে, আর আস্ফালন করতে করতে।

এই ঘোরতর বিপদ মুহূর্তে মহানবীর মুখে ভয় বা ভাবনার কোন চিহ্ন নেই।

এ সময় মহানবী (সাঃ) ধীর-স্থিরভাবে ঘোড়া থেকে মাটিতে অবতরণ করলেন এবং নতজানু হয়ে পরম প্রভু রব্বুল আলামিনের কাছে একান্ত প্রার্থনা জানালেন।

তারপর উঠে দাঁড়িয়ে আরোহণ করলেন ঘোড়ায় এবং দ্রুত ছুটলেন অগ্রসরমান সহস্র শত্রুসেনার দিকে।

হযরত আব্বাস ও আবু সুফিয়ান আতংকিত হয়ে মহানবীকে বাধা দেবার চেষ্টা করলেন।

মহানবী (সাঃ) দৃঢ়কণ্ঠে, গম্ভীর স্বরে বললেন, ‘আনান্নাবী লা কাজেব, আনা ইবন আবদুল মোত্তালেব’ (আমি নবী, আমাতে মিথ্যার লেশমাত্র নেই, আমি আবদুল মোত্তালিব বংশের সন্তান)।

মহানবী (সাঃ)-এর মুখমণ্ডল তখন বিশ্বাসের প্রভায় অপরূপ, দীপ্ত।

মহানবীর দিকে তাকিয়ে এবং তাঁর তেজোদীপ্ত ঘোষণা শুনে হযরত আব্বাস এবং আবু সুফিয়ান বিহবল হয়ে পড়লেন এবং তাঁকে বাধা দেবার আর শক্তি পেলেন না।

একদল শত্রু মহানবীর (সাঃ) একদম সামনে এসে পড়েছিল।

মহানবী তাদের বিরুদ্ধে কোন অস্ত্র ব্যবহার করলেন না। তিনি এক মুষ্ঠি ধুলা মাটি তুলে নিয়ে ছুড়ে মারলেন তাদের দিকে।

দ্বিধাগ্রস্ত হয়ে পড়া ধুলাক্রান্ত সৈনিকরা চোখ মুছতে মুছতে পেছনে হটে গেলে।

ইতোমধ্যে মহানবী (সাঃ) একা একা ছুটে যাবার দৃশ্য দেখে এখানে-সেখানে বিক্ষিপ্ত মুসলিম সৈনিকরা ছুটে আসতে লাগল মহানবীর দিকে।

অন্যদিকে হযরত আব্বাস উঠেছেন এক পাহাড় টিলায়। সেখান থেকে হযরত আব্বাসের স্বভাবসিদ্ধ দরাজ কণ্ঠে ধ্বনিত হলোঃ হে আনসার বীরগণ, হে শাজরার বাইয়াত গ্রহণকারীগণ, হে মুসলিম বীরবৃন্দ। হে মুহাজিরগণ, কোথায় তোমরা? এদিকে ছুটে এসো।

বিক্ষিপ্ত, বিশৃংখল সৈনিকরা সমবেত হবার জন্যে একটা কেন্দ্রের সন্ধান করছিল।

এই আহবানের সাথে সাথে মুসলিম সৈনিকরা বিশাল যুদ্ধক্ষেত্রের যে যেখানে ছিল সেখান থেকে দলে দলে ছুটে আসতে লাগল। শত শত কণ্ঠে আওয়াজ উঠল, “ইয়া লাব্বায়েক, ইয়া লাব্বায়েক” (এই যে হাজির, হাজির)।

হযরত আব্বাসের ভাষায় সদ্যপ্রসূত গাভী যেমন তার বাছুরের বিপদ দর্শনে চিৎকার করতে করতে ছুটে আসে, আমার আহবান শুনে মুসলমানরা সেভাবে ছুটে আসতে লাগল।

মুসলিম বাহিনীর ব্যুহ আবার নতুন করে রচিত হলো। পতাকাগুলো আবার তুলে ধরা হয়েছে।

মহানবী (সাঃ) এক মুঠো কংকর শত্রুর দিকে নিক্ষেপ করে বললেন, ‘শত্রু পরাস্ত, যাও অগ্রসর হও।

মুসলিম বাহিনী বন্যাবেগের মতো আপতিত হলো শত্রু সৈন্যের উপর।

প্রচণ্ড যুদ্ধ চলল।

অবশেষে হাওয়াজিন ও সাকিফদের অজেয় বলে কথিত বাহিনী স্ত্রী-পুত্র, রণসম্ভার ও সমস্ত ধনদৌলত যুদ্ধক্ষেত্রে ফেলে রেখে পালিয়ে বাঁচল।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি [তৃতীয় খণ্ড]

বন্দী মুক্তির এমন দৃশ্য দুনিয়া আর দেখেনি

হুনাইন যুদ্ধে হাওয়াজিনরা তাদের সমুদয় ধন-সম্পদ এবং স্ত্রী-পুত্র পরিজন ফেলে পালিয়ে গিয়েছিল।

এই মালে গণিমতও বন্দীদের উপর ছিল যুদ্ধে যোগদানকারী প্রতিটি মুসলমানের হক। সর্বসম্মত যুদ্ধ-আইন অনুসারে তাঁদের মধ্যেই এসব বণ্টন করে দেবার কথা। কিন্তু মহানবী (সাঃ) ধন-সম্পদ ও যুদ্ধবন্দী সবকিছুই মক্কার জিরানা নামক স্থানে সযত্নে রক্ষা করলেন। তার ইচ্ছা ছিল সর্বস্বান্ত হয়ে পড়া হাওয়াজিনরা এসে এসব ফিরে পাবার প্রার্থনা করলে তাদের এসব ফেরত দেবার ব্যবস্থা করবেন।

কিন্তু সপ্তাহকাল অপেক্ষার পরেও যখন তারা এল না, তখন মহানবী (সাঃ) ধন-সম্পদগুলো মুসলমানদের মধ্যে বণ্টন করে দিলেন।

দুসপ্তাহ পরে হাওয়াজিনরা এল।

হাওয়াজিনদের গণ্যমান্য ব্যক্তিরা মহানবীর (সাঃ)-এর কাছে উপস্থিত হয়ে কাতর কণ্ঠে আরজ করল, “মুহাম্মাদ! আজ আমরা আপনার করুণা ভিক্ষা করতে এসেছি। আমাদের আপরাধ ও অত্যাচারের দিকে আপনি তাকাবেন না। হে আরবের সাধু, নিজ গুণে আমাদের প্রতি দয়া করুন।

মহানবী (সাঃ) দয়ার সাগর। মানুষের দুঃখ-বেদনা মোচন করে আলোর পথে নেয়ার জন্যেই তো তাঁর আগমন।

হাওয়াজিনদের করুণ অবস্থায় অভিভূত হয়ে পড়লেন মহানবী (সাঃ)। কিন্তু কি করবেন তিনি! হাওয়াজিনরা দেরী করায় তাদের যুদ্ধক্ষেত্রের ধন-সম্পদ সমুদয় বণ্টন হয়ে গেছে। বাকি আছে ছয় হাজার যুদ্ধবন্দী নর-নারী। কিন্তু মুক্তিপণ ছাড়া তাদের ছেড়ে দিতে কেউ রাজী হবে না। সবদিকে ভেবে মহানবী (সাঃ) ওদের বললেন, “তোমাদের জন্যে অনেক অপেক্ষা করেছি। ধন-সম্পদ ফিরে পাবার কোন উপায় তোমাদের আর নেই। বন্দীদের মুক্তির ব্যাপারটা নিয়ে আমি ভাবছি। আমার ও আমার স্বগোত্রীয়দের প্রাপ্য বন্দীদের বিনাপণে মুক্তি দেবার ভার আমি নিতে পারি। অন্যান্য মুসলমান ও অমুসমানদের অংশ সম্বন্ধে আমি এখন জোর করে কোন কথা বলতে পারছি না। তোমরা নামাযের সময় এসো এবং নামায শেষে সকলের কাছে প্রার্থনা জানাও। আমি যা বলার তখন বলব।

নামাযের সময়।

নামাজ শেষ হতেই হাওয়াজিন প্রতিনিধিরা উঠে দাঁড়িয়ে সকলের সামনে কাতর কণ্ঠে তাদের বন্দীদের মুক্তি প্রার্থনা করল।

হাওয়াজিনদের কথা শেষ হবার সাথে সাথে মহানবী (সাঃ) উঠে দাঁড়ালেন এবং বললেন, “তোমাদের এই ভাইয়েরা অনুতপ্ত হৃদয়ে তোমাদের কাছে তাদের বন্দী স্বজনদের মুক্তি প্রার্থনা করছে। আমি এ ব্যাপারে তোমাদের সকলের মতামত জানতে চাই। তবে তার আগে আমার মতটা তোমাদের জানিয়ে দিচ্ছি যে, আবদুল মুত্তালেব গোত্রের প্রাপ্য সমস্ত বন্দীকেই আমি বিনা পণে মুক্তি দিয়েছি।

মহানবীর (সাঃ) মত জানার পর একে একে মুহাজির ও আনসার দলপতিরা আনন্দের সাথে তাঁদের নিজ নিজ গোত্রের প্রাপ্য অংশের দাবী পরিত্যাগ করলেন। দুএকজন গোত্রপতি শত্রু হাওয়াজিনদের বন্দীদের বিনাপণে মুক্তি দিতে অমত প্রকাশ করলেন। তাদের কোন প্রকার চাপ না দিয়ে মহানাবী (সাঃ) তাদের উদ্দেশ্যে বললনে, “তোমাদের প্রাপ্য ক্ষতি পূরণের জন্যে আমি দায়ী রইলাম। প্রথম সুযোগেই এই ঋণ আমি পরিশোধ করে দেব।

হাওয়াজিনদের ছয় হাজার বন্দীর সবাই মুক্তি পেল। এক কপর্দক মুক্তিপণও হাওয়াজিনদের উপর চাপানো হলো না।

বিদায় দেবার সময় মহানবী (সাঃ) ছয় হাজার বন্দীর সকলকে নতুন কাপড় পরিয়ে দিলেন।

বন্দী মুক্তির এমন দৃশ্য দুনিয়া আর কখনও দেখেনি, দেখবেও না কোনদিন।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি [তৃতীয় খণ্ড]

‘ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনাকে চাই’

হুনাইন যুদ্ধের মালে গণিমত’ (যুদ্ধলব্ধ ধন-সম্পদ) বণ্টন করলেন মহানবী (সাঃ)।

যুদ্ধলব্ধ সব সম্পদই তিনি বণ্টন করলেন ইসলামে নবদীক্ষিত কুরাইশদের মধ্যে। মদীনার আনসাররা কিছুই পেল না।

মদীনার মুনাফিকরা একে একটা মহা সুযোগ হিসেবে গ্রহণ করল। মুহাজির ও আনসারদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টায় লেগে গেল তারা।

তাদের কুমন্ত্রণায় কতিপয় অদূরদর্শী আনসার যুবক প্রভাবিত হয়ে পড়ল। তারা প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করতে লাগল। অনেক আনসারের মধ্যে এ ভাবনারও সৃষ্টি হলো যে, মহানবী (সাঃ) এবার হয়তো স্বদেশ মক্কাতেই অবস্থান করবেন এবং আমরা তাঁর সেবা করার সুযোগ পাব না।

এসব কথা আনসারদের মধ্যে ব্যাপকভাবে কানাঘুষা হতে লাগল।

বিষয়টা মহানবী (সাঃ) জানতে পারলেন। সকল আনসারকে ডাকলেন তিনি। আনসারদের এ সভায় তিনি প্রশ্ন করলেন, যা তিনি শুনেছেন তা সত্য কিনা?

আনসার প্রধানগণ খুবই লজ্জিত ও বিব্রত হলেন। বিনীত কণ্ঠে বললেন তারা, আমাদের দুএকজন যুবকমাত্র এ ধরনের কথা বলেছে, একথা সত্য। সবার একথা নয়।

তাদের কথা শুনার পর মহানবী (সাঃ) গণিমতের মাল বণ্টন বিষয়ে বললেন, ‘কুরাইশরা নবদীক্ষিত, বিশেষত তারা যুদ্ধ-বিগ্রহের ফলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ক্ষতিপূরণ করে সন্তুষ্ট করার জন্যেই এ ব্যবস্থা আমি করেছিলাম। আর যারা যা প্রত্যাশা করে, তারা তাইতো পায়।বলে মহানবী (সাঃ) আনসারদের উদ্দেশ্য করে বললেন, আমি তোমাদের জিজ্ঞাসা করছি, তোমরা কি এতে সন্তুষ্ট নও যে, লোকেরা ছাগল-ভেড়া নিয়ে বাড়ী যাচ্ছে, আর তোমরা রাসূলকে সাথে নিয়ে বাড়ী ফিরছ?’

আনসাররা সানুনয়ে ও ভক্তিগদগদ কণ্ঠে নিবেদন করলেন, ‘ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনাকে চাই। আপনাকে পেয়ে, আপনাকে সেবা করেই আমরা পরিতৃপ্ত ও কৃতার্থ হয়েছি। আমরা যেন এই পরম সম্পদ থেকে বঞ্চিত না হই।

মহানবী (সাঃ) বললেন, ‘জীবনে-মরণে কখনই আনসারদের সাথে তাঁর বিচ্ছেদ হবে না।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি [তৃতীয় খণ্ড]

Tuesday, May 12, 2020

‘এমন শত্রু তো শত্রু নয়’

নবম হিজরী সনের ঘটনা।

এক মহাবিপদ সংবাদ এল মদীনায়।

রোম সম্রাট মদীনা আক্রমণ করতে আসছেন। তাঁর সাথে যোগ দিয়েছে লাখম, জোজম, গাচ্ছান প্রভৃতি খৃস্টান আরব গোত্রগুলো।

রোম সম্রাট পূর্ণ এক বছরের রণসম্ভার ও রসদাদি সঙ্গে নিয়েছেন এবং সৈন্যদের এক বছরের পুরো বেতন অগ্রিম দেয়া হয়েছে।

সিরিয়া-ফেরত বাণিজ্য বহর খবর দিল, বিশাল রোমক সৈন্যের অগ্রবাহিনী বালকা পর্যন্ত পৌঁছেছে।

খবর শুনে মহানবী (সাঃ) সমগ্র মুসলিম হেজাজের প্রান্তে প্রান্তে স্বধর্ম, স্বজাতি স্বদেশের স্বাধীনতা ও অস্তিত্ব রক্ষার জন্যে যথাসর্বস্ব নিয়ে প্রস্তুত হবার আদেশ প্রদান করলেন। মহানবী (সাঃ) আরও জানিয়ে দিলেন, মদীনা থেকে চারশমাইল দূরে আরব সীমান্তের ওপারে সিরিয়ার ভেতর রোমক বাহিনীকে বাধা দেয়া হবে। ঠিক হলো, ত্রিশ হাজার মুসলিম যোদ্ধা এই তাবুক অভিযানে অংশ নেবে।

কিন্তু অস্ত্রশস্ত্র, যানবাহন ও রসদাদি কোথায়?

মহানবী (সাঃ) এই সমরায়োজনে যথাসাধ্য সাহায্য করার জন্যে মুসলমানদের প্রতি উদাত্ত আহবান জানালেন।

আহবান সকলের কানে পৌঁছল ।

কানে পৌঁছার সাথে সাথে যে যেখানে ছিল ছুটল বাড়ীর দিকে যা কিছু সম্ভব তা নিয়ে মহানবীর দরবারে হাজির হবার জন্যে।

হযরত উমার (রাঃ) তাঁর যা কিছু অর্থ-সম্পদ আছে দুই ভাগে ভাগ করলেন। একভাগ পরিবারের জন্যে রেখে অন্য অর্ধেক নিয়ে তিনি ছুটলেন মহানবীর দরবারের দিকে।

যেতে যেতে ভাবলেন, সব ভাল কাজেই হযরত আবু বকর প্রথমস্থানে থাকেন, আজ তিনি আবু বকরকে পরাজিত করবেন।

হযরত উমার (রাঃ) তাঁর অর্থ-সম্পদ নিয়ে হাজির হলেন মহানবীর দরবারে। মহানবী (সাঃ) তাঁকে বাড়ীর জন্যে কিছু রেখেছে কিনা জিজ্ঞাসা করলেনহযরত উমার (রাঃ) জানালেন তিনি কিভাবে সম্পদ ভাগ করেছেন।

হযরত আবু বকরও তাঁর ধন-সম্পদ মহানবীর চরণে হাজির করেছেন। মহানবী (সাঃ) তাকেও জিজ্ঞাসা করলেন, ‘আবু বকর, পরিবার বর্গের জন্য কি রেখে এসেছ?’

আবু বকর বিনীতভাবে বললেন, ‘শ্রেষ্ঠতম সম্পদ আল্লাহ এবং তাঁর রাসূল (সাঃ) আমার পরিবারবর্গের জন্যে আছেন।

সকল মুসলমানই এভাবে তাদের সাধ্য অনুসারে দান করলেন। হযরত উসমান (রাঃ) এসে মহানবীর দরবারে নিবেদন করলেন, এক হাজার উট, সত্তরটি ঘোড়া এবং এর জন্য আবশ্যকীয় সরঞ্জাম এবং সেই সাথে এক হাজার স্বর্ণ মুদ্রা।

কিন্তু ৩০ হাজার মুসলিম যোদ্ধার সকলকে যুদ্ধের সরঞ্জাম দেয়া গেল না। কিছু যোদ্ধা বঞ্চিত থাকল। তারা মহানবীর সাথে যুদ্ধে শরিক হতে পারবে না, এই দুঃখে শিশুর মত কান্না শুরু করে দিল।

যথাসময়ে তিরিশ হাজার সৈন্য মহানবীর (সাঃ) নেতৃত্বে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করল। কিন্তু অতুলনীয় ত্যাগের এই যুদ্ধ প্রস্তুতির মধ্যেই আল্লাহ বিজয় দিয়ে দিয়েছিলেন মুসলমানদের।

মুসলিম বাহিনী সিরিয়ার তাবুক নামক স্থানে উপস্থিত হয়ে শুনতে পেলেন, রোম সম্রাটের আরবমুখী বাহিনী ৩০ হাজার মুসলিম সৈন্যের সিরিয়া অভিমুখে ছুটে আসার খবর পেয়ে ফিরে গেছে। সিরিয়ার স্থানীয় খৃস্টান গোত্ররা রোম সম্রাটকে জানিয়েছেন দারিদ্র-তাড়িত মুসলমানরা এখন ভয়ানক দুর্দশায়, তারা যুদ্ধের জন্যে প্রস্তুত নয়। তাদের ধ্বংস করার এটাই উপযুক্ত সময়। কিন্তু ৩০ হাজার মুসলিম সৈন্যের দ্রুত অগ্রাভিযান তাদের খবর মিথ্যা প্রতিপন্ন করল। মুতার যুদ্ধের স্মৃতি তারা ভোলেনি। তাই যুদ্ধ না করে ফিরে যাওয়াই তারা সমীচীন মনে করে।

মহানবী (সাঃ) সিরিয়ার খৃস্টান গোত্রগুলোকে তাদের অপরাধের জন্যে ধ্বংস করে দিতে পারতেন। কিন্তু মহানবী (সাঃ) তাদের কিছুই বললেন না।

এই অভাবিত ঘটনায় সিরিয়ার খৃস্টানরা অভিভূত হয়ে পড়ল। এমন শত্রু তো শত্রু নয়, আত্মার আত্মীয় এরা। এমন মানুষ, এমন চরিত্র তারা দেখেনি, শোনেওনি। তাবুক অঞ্চলের বিভিন্ন খৃস্টান গোত্র দলে দলে এসে ইসলাম গ্রহণ করল। যারা ইসলাম গ্রহণ করল না, তারা বার্ষিক সামান্য কর দিয়ে মদীনার ইসলামী শাসনের অধীন হয়ে গেল।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি [তৃতীয় খণ্ড]