মক্কার আবু জাহল ইসলামের প্রধানতম
বৈরী ছিলো। বদর যুদ্ধে সে নিহত না হওয়া পর্যন্ত মহানবী (সাঃ) ও ইসলামের বিরুদ্ধে
অবিরাম শত্রুতা করে গেছে।
আবু জাহলের পুত্র ইকরামাও তার
পিতার মতই ইসলামের বৈরী ছিলো। বিভিন্ন যুদ্ধে তিনি ইসলামের বিরুদ্ধে খুবই সক্রিয়
ভূমিকা পালন করেছেন। এমন কি মহানবী (সাঃ)-এর মক্কা প্রবেশের সময় যখন কুরাইশদের
অস্ত্র হাতে না নেয়ার কথা, তখন ইকরামার নেতৃত্বেই কুরাইশদের
একটা দল হত্যা করে দু’জন মুসলিম সৈনিককে।
সেই ইকরামা মক্কা বিজয়ের পর
ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন।
মক্কা বিজয়ের পর তখনও মহানবী (সাঃ)
মক্কায়। একদিন ইকরামা ইবনে আবু জাহল মহানবীর কাছে এলেন। বললেন অভিমান-ক্ষুব্ধ কণ্ঠে, ‘ইয়া রাসূলাল্লাহ, মুসলমানরা আমার পিতাকে গালাগালি
দিয়ে থাকে।’
খবরটা মহানবী (সাঃ)-কে খুবই বেদনা
দিল। তিনি মুসলমানদের এক সামাবেশে সকলকে সম্বোধন করে বললেন, মৃতদের গালাগালি দিয়ে জীবিতদের যন্ত্রণা দিও না। মৃতরা
তাদের কর্মফল নিয়ে চলে গেছে। তাদের গালি দেয়া অনুচিত। উচিত মৃত ব্যক্তিদের জীবনের
মন্দ দিকটা বাদ দিয়ে কেবল তাদের ভাল দিকটা আলোচনা করা।
ইসলামের এই সভ্যতা, শত্রু-মিত্র নির্বিশেষে ইসলামের এই মানবতা এবং ইসলামের এই সৌন্দর্যই
মানুষের হৃদয় জয়ের মাধ্যমে বিশ্বজয় করেছিল।
লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি [তৃতীয় খণ্ড]
No comments:
Post a Comment