Monday, January 7, 2019

তাউস এবং শাসকের একটি চাদর

তাউস ইবনে কাইসান ছিলেন একজন বড় আলেমে দ্বীন। ইয়েমেনের কোন এক শহরে তিনি বসবাস করতেন। শাসক ও ক্ষমতাসীনদের অনুগ্রহ কখনো বরদাশত করতেন না তিনি।

একবার তিনি ওহাব ইবনে মাজবাহর সাথে হাজ্জাজ ইবনে ইউসুফের ভ্রাতা মুহাম্মাদ ইবনে ইউসুফের ওখানে যান। শীতের মৌসুম। মুহাম্মাদ ইবনে ইউসুফ তাঁর শরীরে একটা চাদর পরিয়ে দিলেন। কিন্তু সে চাদর তিনি শরীর থেকে ফেলে দিলেন। মুহাম্মাদ ক্রোধে ফুলে উঠলেন। কিন্তু তাউস তার কোন পরওয়াই করলেন না।

সেখান থেকে বিদায়ের পর ওহাব ইবনে মাজবাহ বললেন, ‘আপনি অন্যায় করেছেন। চাদর আপনার প্রয়োজন না থাকলেও মুহাম্মাদ ইবনে ইউসুফের ক্রোধ থেকে লোকদের বাঁচানোর জন্য তখন চাদরটা গায়ে রাখাই ভালো ছিল। পরে তা বিক্রি করে মিসকিনদের মধ্যে তার মূল্য বণ্টন করে দিতে পারতেন।

তাউস বললেন, ‘তুমি যা স্বাভাবিক তাই বলেছ। কিন্তু তুমি কি জান না, আজ যদি আমি এ চাদর গ্রহণ করতাম তবে আমার এ কাজ জনগণের জন্য সনদ ও দলিলে পরিণত হতো?’

লেখকঃ আবুল আসাদ (আমরা সেই সে জাতি-দ্বিতীয় খন্ড)

No comments:

Post a Comment